আগামীকাল এসএসসির ফল প্রকাশিত হবে
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল শুক্রবার। সকাল নয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে।
এরপর বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সাম্প্রতিক ইতিহাসে কখনো শুক্রবার ফল প্রকাশ করা হয়নি। এর মধ্যে আবার আগামীকাল রাজধানীতে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো একদিকে সমাবেশ ডেকেছে, অন্যদিকে বিএনপিও মহাসমাবেশের ডাক দিয়েছে। এ নিয়ে সংঘাতেরও আশঙ্কা করছেন কেউ কেউ।
অবশ্য আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, পরীক্ষার্থীরা এসএমএস ওয়েবসাইটের মাধ্যমেই ফল সংগ্রহ করতে পারবে।
গত ৩০ এপ্রিল শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।