প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫
প্রাথমিক বিজ্ঞানে বিস্তৃত–উত্তরে ৪ প্রশ্নে নম্বর ২৪: গ্যাস হলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ
প্রাথমিক বিজ্ঞান: বিস্তৃত উত্তর–প্রশ্ন
প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে বিস্তৃত–উত্তর প্রশ্ন থাকবে ৪টি। সব কটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে প্রতিটিতে ৬ করে মোট ২৪।
প্রশ্ন: প্রাকৃতিক গ্যাসের দুটি বিকল্প উৎসের নাম লেখো। প্রাকৃতিক গ্যাস ও সৌরশক্তির মধ্যে তুমি কোনটিকে ব্যবহারের ক্ষেত্রে প্রাধান্য দেবে? কেন প্রাধান্য দেবে, তার দুটি কারণ লেখো। এক বাক্যে সম্পদ সংরক্ষণের উপায় লেখো।
উত্তর: প্রাকৃতিক গ্যাসের দুটি বিকল্প উৎসের নাম হলো—
১. সূর্যের আলো ও ২. বায়ুপ্রবাহ।
প্রাকৃতিক গ্যাস ও সৌরশক্তির মধ্যে আমি যাকে প্রাধান্য দেব, তা হলো সৌরশক্তি।
সৌরশক্তিকে প্রাধান্য দেব, কারণ হলো—
১. সূর্যের আলো অফুরন্ত শক্তির উত্স।
২. সৌর প্যানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাই। শক্তির ব্যবহার কমিয়ে, শক্তির পুনর্ব্যবহার ও রিসাইকেল করার মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি।
প্রশ্ন: গ্যাস কী ধরনের সম্পদ? সে রকম তিনটি সম্পদের নাম লেখো। তেল, গ্যাস ও কয়লা কোন ধরনের জ্বালানি? গ্যাসের অপচয় রোধ করার দুটি উপায় লেখো।
উত্তর: গ্যাস হলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ।
সে রকম তিনটি সম্পদের নাম হলো—
১. তেল ২. কয়লা ও
৩. প্রাকৃতিক গ্যাস।
তেল, গ্যাস ও কয়লা হলো জীবাশ্ম জ্বালানি।
গ্যাসের অপচয় রোধ করার দুটি উপায় হলো—
১. রান্না শেষে গ্যাসের চুলা নিভিয়ে রাখতে হবে।
২. ভেজা কাপড় শুকানোর জন্য গ্যাসের চুলা না জ্বালানো।
প্রশ্ন: দক্ষ জনসম্পদ কী? দক্ষ জনসম্পদ কেন প্রয়োজন? জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, চারটি বাক্যে লেখো।
উত্তর: কর্মক্ষম বা উপার্জন উপযোগী জনশক্তিকেই দক্ষ জনসম্পদ বলা হয়।
মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্যই দক্ষ জনসম্পদ প্রয়োজন।
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে নিচের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে:
১. বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে।
২. বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা ও চর্চার মাধ্যমে।
৩. দেশের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ব্যবস্থা করে।
৪. উপযুক্ত কারিগরি শিক্ষার মাধ্যমে ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করে।
মিজানুর রহমান, শিক্ষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা