আলিমের ফরম পূরণের সময় আবার বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিম পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ফরম পূরণের সময় শেষ হলে আবারও তা বাড়ানো হয়। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীরা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধ করতে পারবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে নোটিশ জারি করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নোটিশে বলা হয়েছে, আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এবং এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো। কোনো কলেজ এ সময়ের মধে৵ শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার মাদ্রাসাপ্রধানকে বহন করতে হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

গত ১২ আগস্ট এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। ২৫ আগস্ট পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হলেও তা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। সে সময়সীমা আবারও বাড়ানো হলো।