এ লেভেল পরীক্ষা নেওয়ার অনুমতি, পরীক্ষার্থী কোভিড আক্রান্ত হলে দায় ব্রিটিশ কাউন্সিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় আগামী মাসে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের এ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কোভিড-১৯–এ আক্রান্ত হলে এর দায় ব্রিটিশ কাউন্সিলকে বহন করাসহ কয়েকটি শর্ত দিয়েছে সরকার।

আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার এই অনুমোদন দিয়ে ব্রিটিশ কাউন্সিলের এদেশীয় পরিচালককে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এই বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) মোমিনুর রশিদ আমিন প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।

শর্ত হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনগুলো কঠোরভাবে অনুসরণ করতে বলেছে মন্ত্রণালয়। এ ছাড়া সারা দেশে ৩৫টি ভেন্যুতে প্রতিদিন সর্বোচ্চ ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর বেশি পরীক্ষা নেওয়া যাবে না এবং প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে ৬ ফুট দূরত্বে বসাতে হবে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার ‘জনস্বার্থে’ পরীক্ষা গ্রহণের অনুমতি বাতিল করতে পারবে।