এসএসসির ফরম পূরণ আবার শুরু ২২ মে
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দেশজুড়ে বিধিনিষেধের কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার ফরম পূরণে সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ২২ থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।
ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২১-এর ফরম পূরণ গত ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু কোভিড-১৯ বিস্তারের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। যারা ওই সময়ে ফরম পূরণ করতে পারেননি, তারা আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই অনলাইনে ফরম পূরণ করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেওয়ার শেষ দিন ৩০ মে।
ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আগামী ২২ থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবে
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে নানা বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর মধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। পরে বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের আপত্তির মুুখে এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
আগের তারিখ অনুযায়ী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ছিল ৮ এপ্রিল পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করার কথা ছিল।