খুলনা বিশ্ববিদ্যালয়সহ চার শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাবির ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ১ অক্টোবর শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে সশরীর ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও খুলনার আরও তিনটি পৃথক স্থানে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দিন (শুক্রবার) খুবি ক্যাম্পাসে ১৬০০০০১ থেকে ১৬০৫২৪৬ রোল পর্যন্ত মোট ৫ হাজার ২০০ জন, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজে ১৬০৫২৪৭ থেকে ১৬০৭০৭৯ রোল পর্যন্ত মোট ১ হাজার ৮১৮ জন, রেভারেন্ড পলস্ হাইস্কুলে ১৬০৭০৮০ থেকে ১৬০৮৬০২ রোল পর্যন্ত মোট ১ হাজার ৫১২ জন এবং হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে ১৬০৮৬০৩ থেকে ১৬০৯০০০ রোল পর্যন্ত মোট ৩৯২ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এ ছাড়া আগামী ২ অক্টোবর ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর ‘চ’ ইউনিট, ২২ অক্টোবর ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষাও উল্লিখিত প্রতিষ্ঠানগুলোতে গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই প্রথম বিভাগীয় শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সার্বিক প্রস্তুতি নিয়ে সভা

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রের আগামীকালের অনুষ্ঠিতব্য এ পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলনকক্ষে ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালকের সঙ্গে উপাচার্য মাহমুদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে বেশ কিছু দিকনির্দেশনা দেওয়া হয়।

এর আগে ২৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলনকক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন দিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে সশরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা মুঠোফোন, ঘড়ি, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায়, এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর, ব্যাগ, বই ইত্যাদি নিয়ে প্রবেশ করতে পারবেন না। প্রয়োজন হলে পরীক্ষার্থীরা শুধু ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) সাদা প্লাস্টিক ফাইল সঙ্গে আনতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে সুশৃঙ্খলভাবে তাঁদের ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। কোনো অভিভাবক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
ভর্তি পরীক্ষা চলাকালে গল্লামারী সেতুর পশ্চিম পাশ থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের যানবাহন প্রবেশ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত যানবাহন ব্যবহার করেন, তাঁদের যানবাহনে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও সাদাপোশাকে নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করবেন। এই পরীক্ষাসংক্রান্ত বা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও উপকেন্দ্রের ফোকাল পয়েন্ট অধ্যাপক মো. মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।