ঢাবি হল পরীক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার দাবি
আবাসিক হল বন্ধ রেখে সশরীরে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ‘প্রত্যাখ্যান’ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের জন্য ‘টেম্পোরারি একোমোডেশন’ (অস্থায়ী আবাসন) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা। ‘হল-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও আন্দোলন’ ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে হল খোলার দাবিতে আগামী রোববার রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ফোরাম শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) বিশেষ সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১ জুলাই থেকে সশরীরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো নেওয়া হবে। কিন্তু সে ক্ষেত্রে আবাসিক হলগুলো বন্ধই থাকবে। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে, অর্থাৎ সশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে আগামী ১ জুলাই থেকে ব্যবহারিক পরীক্ষা বাদে সব চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়া শুরু হবে।
এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে ডাকা আজকের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্র অধিকার পরিষদের নেতা আসিফ মাহমুদ। লিখিত বক্তব্যে বলা হয়, আমরা হল না খোলার শর্তে সশরীরে পরীক্ষার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি, ধাপে ধাপে পরীক্ষার্থীদের জন্য হল খুলে দিতে হবে। পাশাপাশি করোনার টিকা দেওয়ার প্রক্রিয়া চালু রাখতে হবে। ‘ইমিউনিটি গ্রোথ স্টেজ’ পার হওয়ার পর শিক্ষার্থীদের হলে উঠিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। স্থগিত যেসব পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, সেগুলো ১৫ জুন থেকেই নিতে হবে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষার্থীদের জন্য ‘টেম্পোরারি একোমোডেশন’ হিসেবে হল খুলে দিয়ে পরীক্ষা নিতে হবে। হলে সিটের সংখ্যা বিবেচনায় এক বা দুটি বর্ষের শিক্ষার্থীদের একসঙ্গে হলে উঠিয়ে (টেম্পোরারি একোমোডেশন) ১ জুলাই থেকে তাঁদের পরীক্ষা নিতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই যতটুকু সিলেবাস শেষ করা হয়েছে, তার ওপর রিভিউ ক্লাস নিতে হবে (অনলাইন কিংবা অফলাইনে) এবং সম্পন্ন হওয়া সিলেবাসের মধ্য থেকেই পরীক্ষার প্রশ্ন নির্ধারণ করতে হবে।
লিখিত বক্তব্যে বলা হয়, বিশেষজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে একটি উপকমিটি গঠন করে দ্রুতই একটি সুষ্ঠু পরিকল্পনামাফিক ধাপে ধাপে পরীক্ষার্থীদের হলে রেখে পরীক্ষা নেওয়া সম্ভব। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনকে সাত দিন পরপর হল স্যানিটাইজ করতে হবে, ক্যাম্পাসে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে এবং অছাত্র ও বহিরাগতমুক্ত হল নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের করোনার টিকা বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ঘোষণা অনুযায়ী আগামী সপ্তাহ থেকে টিকাদান কার্যক্রম শুরু করতে হবে। পরীক্ষা চলাকালে পর্যায়ক্রমে প্রথম ডোজ এবং সময়মতো দ্বিতীয় ডোজ টিকা দিয়ে ‘ইমিউনিটি গ্রোথ স্টেজ’ পার হওয়ার পর শিক্ষার্থীদের জন্য স্থায়ীভাবে হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে হবে।
সংবাদ সম্মেলনে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ছাত্র মোয়াজ্জেম হোসেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।