ঢাবিতে এমফিলে ভর্তির আবেদন শুরু ১০ এপ্রিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদন ১০ এপ্রিল শুরু হচ্ছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা ২৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে নির্ধারিত ফরমে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এমফিলের আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে আগামী ২৬ মের মধ্যে জমা দিতে হবে।
এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে অথবা দুই বছর মেয়াদি স্নাতক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি এবং স্নাতক পর্যায়ে এক বছরের শিক্ষকতা বা গবেষণা প্রতিষ্ঠানে এক বছরের চাকরি অথবা স্বীকৃত মানের জার্নালে একটি গবেষণামূলক প্রবন্ধ থাকতে হবে।
এ ছাড়া প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণিসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সিজিপিএ নিয়মে মাধ্যমিক বা সমমান থেকে স্নাতক-স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় সিজিপিএ-৫-এর মধ্যে ৩.৫ অথবা সিজিপিএ-৪-এর মধ্যে ৩ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের শিক্ষকদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক নির্বাচন করে তাঁর অধীন ও মাধ্যমে এমফিল গবেষণার আবেদন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://du.ac.bd) ১০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত আবেদন ফরম ডাউনলোড করা যাবে। ভর্তি ফরমের ফি বাবদ জনতা ব্যাংকের টিএসসি শাখায় ৫০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে আগামী ২৬ মের মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ফি বাবদ টাকা জমার রসিদের মূল কপি, সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা এক কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক বা বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালককে দিয়ে সত্যায়িত করে জমা এবং গবেষণার একটি রূপরেখা জমা দিতে হবে।