সাক্ষাৎকার
পিইসি পরীক্ষাকে কেন্দ্র করে কিছু লোকের মধ্যে অর্থ-বাণিজ্যের খেলা চলে: তারিক মনজুর
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) স্থায়ী করতে ‘প্রাথমিক শিক্ষা বোর্ড’ স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যার অন্যতম কাজ হবে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ব্যবস্থাপনার যাবতীয় কাজ করা। এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও ২০২১ সালের জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন, পরিমার্জন কমিটির বিষয় বিশেষজ্ঞ তারিক মনজুর। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মোশতাক আহমেদ।
প্রশ্ন :
নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাদ হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই পরীক্ষা নিতে এখন পৃথক একটি শিক্ষা বোর্ড করার উদ্যোগ নিয়েছে। আপনি এই উদ্যোগ সমর্থন করেন?
তারিক মনজুর: প্রথম কথা, শিক্ষা বোর্ড করা মানে এই নয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা পিইসি পরীক্ষা স্থায়ী হবে। তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সংবাদমাধ্যমে বলেছেন, প্রাথমিক স্তরে পিইসিসহ নানান পরীক্ষা আছে। যেহেতু পরীক্ষা হচ্ছে, প্রশ্নপত্র প্রণয়ন করতে হয়, সে জন্য বোর্ড করা দরকার। আশঙ্কা বা ভয়ের জায়গা এখানেই। শিক্ষা বোর্ড গঠনের উদ্যোগ যদি হয় পরীক্ষার কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা, তবে এই উদ্যোগকে সমর্থন জানানোর কোনো কারণ নেই।
প্রশ্ন :
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গুরুত্ব কতটুকু আছে বলে মনে করেন?
তারিক মনজুর: পরীক্ষা মানে শিক্ষার্থীকে মূল্যায়ন করা। মূল্যায়নের ফলে শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা বাড়ে, শিখন আগ্রহও বাড়ে। আমাদের দেশে অবশ্য তা হয়নি। প্রতিযোগিতা বলতে যা আছে, তা মূলত অভিভাবকদের মধ্যে। আর শিখন আগ্রহ দূরে থাক, শিক্ষার্থীদেরকে ন্যূনতম নির্ধারিত যোগ্যতা অর্জন করানোও সম্ভব হচ্ছে না। এ কারণে তারা নিজেদের মতো লেখার দক্ষতা অর্জন করে না, বিশ্লেষণ করার ক্ষমতা দূরে থাক। আমাদের এখানে পরীক্ষা মানে চোখ-কান বুজে উত্তর মুখস্থ করা। সেই উত্তর আবার স্কুলের শিক্ষক তৈরি করে দেন, কিংবা গাইড বইয়ে থাকে। প্রতিটি শ্রেণির জন্য বিষয়ভিত্তিক নির্ধারিত যোগ্যতা আছে। শিক্ষার্থীদের সেই যোগ্যতা অর্জিত হয়েছে কি না, প্রচলিত প্রশ্নপদ্ধতিতে, প্রচলিত পরীক্ষার মাধ্যমে তা যাচাই করা মোটেও সম্ভব নয়।
প্রশ্ন :
শিক্ষাবিদদের অনেকেই পিইসি পরীক্ষা বাদ দেওয়ার পক্ষে। আপনার মত কী?
তারিক মনজুর: বাংলাদেশে পিইসি পরীক্ষা চালু হওয়ার পর থেকে শিক্ষার্থীর প্রকৃত জ্ঞান অর্জনে মারাত্মকভাবে ঘাটতি তৈরি হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দেখে বোঝা যায়। এ ছাড়া এটা তো সবারই জানা, এই পরীক্ষাকে কেন্দ্র করে বাজারের গাইড-বিক্রেতা, কোচিং সেন্টারের মালিক, স্কুলের শিক্ষকসহ সুবিধাভোগী কিছু লোকের মধ্যে অর্থ-বাণিজ্যের খেলা চলে। এ কারণে, শুরু থেকেই শিক্ষাবিদেরা এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিক্ষার্থীদের পড়ার চাপ কমাতে এবং বইয়ের ভার কমাতে নির্দেশ দিয়েছেন। এই পরীক্ষা চালু রাখা মানে, বাংলাদেশের শিক্ষার বুনিয়াদকে ধ্বংস করা।
প্রশ্ন :
প্রাথমিক শিক্ষার্থীদের শিখন ও আদর্শিক মূল্যায়ন কীভাবে হতে পারে বলে মনে করেন?
তারিক মনজুর: নিশ্চয় শিক্ষক-অভিভাবকদের মধ্যে, কিংবা শিক্ষার সঙ্গে জড়িত কিছু ব্যক্তির মধ্যে এই ধারণা রয়েছে যে পরীক্ষার মাধ্যমে আর কিছু না হোক, কিছু পড়াশোনা তো হয়। তাদের কাছে শিক্ষা মানে বেশি বেশি পড়া, আর বেশি নম্বর পাওয়া। এর ফলাফল হয়েছে এই, পাঠ্যবইয়ের বাইরে থেকে একই জাতীয় অন্য প্রশ্ন দিলে শিক্ষার্থীরা লিখতে পারে না। এর মানে হলো, শিক্ষার্থীরা প্রকৃত শিখন-যোগ্যতা অর্জন করছে না। যোগ্যতা অর্জিত হচ্ছে কি হচ্ছে না, সেটি পাঁচ-ছয় বছর পড়াশোনা শেষ করে একবার পরীক্ষা নিয়ে যাচাই করার বিষয় নয়। এটি ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া শ্রেণিকক্ষেই চালাতে হবে, যেখানে শিক্ষক-শিক্ষার্থী উভয়ে মূল্যায়নে অংশ নেবে। এমনকি শ্রেণিকক্ষের বাইরে অভিভাবকও যুক্ত হবেন মূল্যায়ন প্রক্রিয়ার সঙ্গে।