বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই দেওয়ার দুই সপ্তাহ পর এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষা
ফাইল ছবি

সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার দুই সপ্তাহ পর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রয়োজনে নতুন বই ছাপিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এ পর্যন্ত কতজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে, তার একটি তালিকা করা হচ্ছে। তবে পরীক্ষার কবে হবে, সে দিন–তারিখ এখনো ঠিক করা হয়নি।

আরও পড়ুন

বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী আগস্টে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ঈদের পর আবারও পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারিখ চূড়ান্ত করা হবে। বন্যার কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে অক্টোবরে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ছিল আগস্টে।

গত রোববার শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত হয়েছে।

সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সেদিন প্রথম আলোকে বলেন, সভায় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যেসব তথ্য–উপাত্ত উপস্থাপন করেছেন, তাতে দেখা গেছে সিলেট বোর্ডের অর্ধেক কেন্দ্র এখনো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব কেন্দ্র পরীক্ষার উপযোগী করতে জুলাই মাস লেগে যাবে। এ জন্য জুলাইতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ঈদের পর আবার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আগস্টে এসএসসি শুরুর সম্ভাবনা আছে।

আর এসএসসি পরীক্ষা যদি আগস্টের প্রথম সপ্তাহে শুরু করা যায়, তাহলে এইচএসসি পরীক্ষা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শুরুর সম্ভাবনা আছে। কারণ, এই দুই পরীক্ষার মধ্যে দুই মাসের বিরতির দরকার হয়। এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরুর কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর আগে তা স্থগিত করা হয়।