পঞ্চম শ্রেণির পড়াশোনা: বাংলাদেশ ও বিশ্বপরিচয় | প্রশ্নোত্তর
অধ্যায় ৭
প্রশ্ন: মানব পাচার বলতে কী বোঝায়? মানব পাচারের ফলে কী ঘটে?
উত্তর: মানব পাচার একটি অত্যন্ত গুরুতর মানবতাবিরোধী কাজ। নারী ও শিশুদের বেআইনিভাবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজের জন্য বিদেশে পাচার করাকে মানব পাচার বলা হয়। মানব পাচারের ফলে যা ঘটে:
১. নারী ও শিশুরা বিদেশে বিক্রি হয়ে যায়।
২. তারা মানবেতর জীবন যাপন করে।
৩. বিদেশে কাজের জন্য তারা যথাযথ পারিশ্রমিক পায় না।
৪. বিদেশে বিভিন্ন কাজে নিয়োজিত অবস্থায় নানা রকম শারীরিক নির্যাতনের শিকার হয়। এমনকি তাদের মৃত্যু হয়।
৫. পাচার হওয়া নারী ও শিশুরা যথাযথ খাবার, স্বাস্থ্যসেবা ও বিশ্রাম থেকে বঞ্চিত হয়। এমনকি ইচ্ছে করলেও আর দেশে ফিরে আসতে পারে না।
প্রশ্ন: মানবাধিকার রক্ষায় সরকার, সমাজ ও আমাদের কী দায়িত্ব রয়েছে?
উত্তর: মানবাধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সমাজের সব মানুষের সমান দায়িত্ব রয়েছে। যেমন—
১. সঠিক আইন প্রয়োগ ও সঠিক বিচারব্যবস্থা বাস্তবায়ন করা।
২. মানবাধিকার প্রতিষ্ঠা বিষয়ে সবাইকে সচেতন করে তোলা।
৩. সমাজের সব মানুষের মধ্যে সহনশীল আচরণ গড়ে তোলা।
৪. আমরা সবার মানবাধিকার কথায় কাজ করব এবং সবাইকে সচেতন করব।
৫. কেউ কোনো মানবাধিকারবিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করব।
প্রশ্ন: কোন শিশুদের অটিস্টিক শিশু বলে? তোমার শ্রেণির অটিস্টিক বন্ধুদের তুমি কীভাবে সহযোগিতা করতে পারো?
উত্তর: ‘অটিজম’ একটি বিকাশগত সমস্যার ফলে হয়। এই সমস্যা আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে।
আমাদের বিদ্যালয়ে বা শ্রেণিতে এ ধরনের শিশু থাকলে তাদের আমরা বিভিন্নভাবে সাহায্য করতে পারি। যেমন—
১. আমরা আমাদের এই বন্ধুদের সঙ্গে এমন কোনো আচরণ করব না, যাতে তারা কষ্ট পায় বা উত্তেজিত হয়।
২. আমরা জেনে নেব আমাদের বন্ধুরা কী পছন্দ করে আর কোনটি করলে তাদের কষ্ট হয়।
৩. সবাই মিলে তাদের সাহায্য করব।
৪. খেয়াল রাখব তারা যেন বিরক্ত না হয়।
৫. আমরা আমাদের শ্রেণি শিক্ষককেও সহায়তা করব, যেন তিনি তাদের প্রতি বিশেষ যত্ন নিতে পারেন।
প্রশ্ন: কোনো শিশুর মানবাধিকার লঙ্ঘিত হতে দেখলে তুমি কী করবে?
উত্তর: আমাদের সমাজে প্রায়ই শিশুদের মানবাধিকার লঙ্ঘিত হতে দেখা যায়।
সে ক্ষেত্রে আমরা নিচের কাজগুলো করতে পারি:
১. বাড়িতে, বিদ্যালয়ে ও প্রতিবেশীদের মধ্যে কেউ যদি মানবাধিকারবিরোধী কোনো কাজ করে, তবে তাকে এ বিষয়ে সচেতন করব।
২. প্রয়োজন হলে প্রতিবাদ করব।
৩. কীভাবে নির্যাতন রোধ করা যায়, সে বিষয়ে শিশুর অভিভাবক বা কর্মক্ষেত্রে কথা বলব।
৪. নির্যাতন বন্ধ করা না গেলে নিকটস্থ থানা বা পঞ্চায়েতকে জানাব।