বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট আবেদনকারী ৩ লাখ ৩৪ হাজারের বেশি। একজন শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়ে যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় ৫১টি। ৩ দিনে ৩টি শাখার পরীক্ষা হবে ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে আজ হচ্ছে বিজ্ঞান শাখার পরীক্ষা। ৩ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর। কৃষি ও কৃষিপ্রধান ৭টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ নভেম্বর।
ফাইল ছবি

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবার দেশের ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা হচ্ছে। এর মাধ্যমে ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী একটি পরীক্ষা দিয়ে তাঁর যোগ্যতা ও পছন্দ অনুযায়ী এসব বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে ভর্তি হবেন।

৩ দিনে ৩টি শাখার পরীক্ষা হবে ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যা আজ রোববার শুরু হচ্ছে। আরও দুটি গুচ্ছে মোট ১০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে আগামী মাসে। এর মধ্যে একটি গুচ্ছে রয়েছে কৃষি ও কৃষিশিক্ষাপ্রধান সাতটি বিশ্ববিদ্যালয়। আরেকটি গুচ্ছে আছে তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ২৯ বিশ্ববিদ্যালয়ে মোট আবেদনকারী ৩ লাখ ৩৪ হাজারের বেশি।

দেশে বর্তমানে অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় ৫১টি। এর মধ্যে এখন পর্যন্ত ৩৯টিতে সরাসরি শিক্ষার্থী ভর্তি করা হয়। কয়েক বছর ধরে আলোচনার পর এবারই ২৯টি (বিষয়ভিন্নতার জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুটি গুচ্ছে আছে) পাবলিক বিশ্ববিদ্যালয় এভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা হচ্ছে। তবে করোনার সংক্রমণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিয়েছে। ফলে শিক্ষার্থীদের ভোগান্তি কমেছে।

ফাইল ছবি

২০ বিশ্ববিদ্যালয় এক গুচ্ছে

২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ এ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষার পর ২৪ অক্টোবর মানবিকের (বি ইউনিট) এবং আগামী ১ নভেম্বর বাণিজ্যের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত। দেশের ২৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হবে এই ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এই বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আবেদনকারী ২ লাখ ৩২ হাজারের মতো।

এই গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কিছু বিষয়), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন প্রথম আলোকে বলেন, আজ অনুষ্ঠেয় বিজ্ঞান ইউনিটে আবেদনকারী ১ লাখের ৩১ হাজারের বেশি শিক্ষার্থী।

আরও দুই গুচ্ছে ১০ বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবার প্রথমবারের মতো গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে। আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে এই তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তিনটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র থাকবে।

রুয়েটের রেজিস্ট্রার মো. সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, এই তিন বিশ্ববিদ্যালয়ের জন্য মোট আবেদন করেছেন ২৫ হাজার ৬৬৭ জন। এর মধ্যে রুয়েটে ভর্তিযোগ্য আসন ১ হাজার ২৩৫, কুয়েটে ১ হাজার ৬৫ এবং চুয়েটে আসন ৯০১টি।

এ ছাড়া দ্বিতীয়বারের মতো গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে কৃষি ও কৃষিশিক্ষাপ্রধান সাতটি বিশ্ববিদ্যালয়। আগামী ২৭ নভেম্বর এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে।

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিয়াসউদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, এবার এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন প্রায় ৭৭ হাজার।

কৃষি ও কৃষিপ্রধান সাতটি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কৃষিসংক্রান্ত কিছু বিষয়), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। এই সাত বিশ্ববিদ্যালয়েই কেন্দ্র থাকবে।