ভারতে এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে হওয়ায় আমি স্বস্তি পেয়েছি। ছেলেমেয়েদের স্বাস্থ্যের বিষয়ে আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। বড় স্বস্তির খবর।
ছবি:

করোনায় জেরবার অবস্থা ভারতের। এ কারণে ভারতের বাতিল হয়ে গেল সিবিএসইর (সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন) দ্বাদশের পরীক্ষা। এর আগেই দশমের বোর্ড পরীক্ষাও বাতিল করেছে দেশটি। দশমের বাতিলের সময় প্রাথমিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল দ্বাদশের বোর্ড পরীক্ষা। এবার কোভিড পরিস্থিতি বিবেচনায় দ্বাদশের পরীক্ষাও বাতিল করার সিদ্ধান্তই নিল ভারতের সরকার।

শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এ বছরে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বলে জানিয়েছে ভারতের সরকার। গতকাল মঙ্গলবার এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ছবি: সংগৃহীত

সিবিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা এবং সব পক্ষের আলোচনার ভিত্তিতে এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বাদশের সিবিএসই শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে হবে, তা নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডই ঠিক করবে। পাশাপাশি এটাও বলা হয়েছে, গত বছরের মতোই কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে চাইলে পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবে সিবিএসই। নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত পদ্ধতি মেনে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে।

কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী টুইটে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইটের লেখেন, সব অনিশ্চয়তা এবং চাপ শেষে এখন উদ্‌যাপনের সময়। সামনের সুখী, স্বাস্থ্যকর ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখন অপেক্ষা।

দ্বাদশের বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে হওয়ায় আমি স্বস্তি পেয়েছি। ছেলেমেয়েদের স্বাস্থ্যের বিষয়ে আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। বড় স্বস্তির খবর।’

চলতি বছরে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে কি না বা হলেও কী প্রক্রিয়ায় তা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যই গতকাল প্রধানমন্ত্রী বৈঠক করেন। বিকেলে সেই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী মোদি ছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, সিবিএসই বোর্ডের চেয়ারম্যানসহ অনেকে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

ছবি: সংগৃহীত

বৈঠকে মোদি জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যনিরাপত্তায় এ মুহূর্তে সবচেয়ে গুরুত্ব দেওয়ার বিষয় এবং এ ব্যাপারে কোনো রকম আপস করা হবে না। এ পরিস্থিতিতে পড়ুয়াদের ওপর পরীক্ষা নিয়ে কোনোভাবেই চাপ প্রয়োগ করা ঠিক নয়।

পরে মোদি এক টুইটে জানান, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, এ করোনা পরিস্থিতিতে সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষা হওয়া উচিত নয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিবিএসই দ্বাদশের পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ৩ জুন সুপ্রিম কোর্টকে জানিয়ে দেবে সরকার। সরকারের সিদ্ধান্ত খতিয়ে দেখে তারপরই চূড়ান্ত রায় দেবেন সুপ্রিম কোর্ট।