রাবির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, আসন ১৬০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক ও প্রকৌশল অনুষদের ডিন একরামুল হামিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://admission.ru.ac.bd/undergraduate/ গিয়ে ইউনিট নির্বাচন করে পরীক্ষার রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। এ ইউনিটে প্রায় ১ হাজার ৬০০টি আসন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ থেকে ১৮ অক্টোবরের মধ্যে উত্তীর্ণ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণ করতে হবে। কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ করতে না পারলে ‘সি’ ইউনিটে তাঁর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি এই ইউনিটের অন্য কোনো বিভাগে আর ভর্তির সুযোগ পাবেন না। পরবর্তী সময়ে আসন শূন্য থাকা সাপেক্ষে কেবল ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভাগ-পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন করা হবে এবং নোটিশের মাধ্যমে জানানো হবে।

২৩ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পছন্দক্রম পূরণকারী শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুসারে প্রথম নির্বাচন তালিকা (মেরিট লিস্ট) প্রকাশিত হবে। এ তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ২৫-২৭ অক্টোবরের মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে। এ ছাড়া শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকা থেকে মেধা ও পছন্দক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচন করা হবে। এরপর সম্ভাব্য সময়সূচি যথাসময়ে প্রকাশিত হবে।