শাবিপ্রবির শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের টিউশন ফি এবং পরিবহন ফি মওকুফ করেছে
ছবি: সংগৃহীত

করোনাকালে শিক্ষার্থীদের টিউশন ফি এবং পরিবহন ফি মওকুফের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

আগামী বছরের ১৭ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গতকাল বুধবার রাতে গণমাধ্যমকর্মীদের শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে করোনাকালে ৪০০ টাকা টিউশন ফি এবং ৫৩০ টাকা পরিবহন ফি মওকুফের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আগামী সিন্ডিকেট সভা, একাডেমিক কাউন্সিলের সভা এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করে পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া শিক্ষার্থীরা তাঁদের ক্রেডিট ফি ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরে শিক্ষার্থীরা তাঁদের সুবিধামতো টাকা পরিশোধ করে সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন। অন্যদিকে আবাসিক শিক্ষার্থীদের এখন হলে ভর্তি হওয়ার প্রয়োজন নেই এবং হলের ছাড়পত্র ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারবেন তাঁরা।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা ইচ্ছা করলেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন–ইউজিসির অনুমতি ছাড়া আবাসিক হল খুলতে পারব না। কিন্তু ছাত্রীদের নিরাপত্তা ও থাকার ব্যাপারে বিভাগীয় প্রধান এবং বিভাগের শিক্ষকদের ছাত্রীদের আবাসিক সমস্যা সমাধানের জন্য বলা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের চিকিৎসার কথা বিবেচনা করে আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আইসোলেশন সেন্টারের ব্যবস্থা করেছি।

এর আগে সরকারি নির্দেশনা মেনে হল খুলে দেওয়াসহ ৫ দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো পরীক্ষার্থীদের জন্য ক্রেডিট ফি ও সেমিস্টার ফি মওকুফ করা, অন্যথায় ফি ব্যতীত পরীক্ষা গ্রহণ করে পরে বকেয়া ফি প্রদানের সুযোগ দেওয়া, মেয়েদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষা নেওয়া, গরিব ও অসচ্ছল মেধাবী পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা, পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক যত দ্রুত সম্ভব পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া।

আগামী বছরের ১৭ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। পরে রিভিউ ক্লাস নিশ্চিত করা ও যাবতীয় ফি ৭০ শতাংশ মওকুফসহ ৫ দফা দাবি জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনকে চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।