সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন হয়েছে। জামালপুরের এসএসসি ব্যাচ-২০২২-এর শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বকুলতলা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে বক্তব্য দেয় শিক্ষার্থী সাইফ হাসান, শুভ কামার, নিশাদ প্রমুখ।

বক্তারা বলে, করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে চরমভাবে তাদের লেখাপড়া ব্যাহত হয়েছে। অনেক শিক্ষার্থী নানাভাবে বিভিন্ন স্থানে জড়িয়ে পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছাড়া সত্যিই একজন শিক্ষার্থীর পড়ালেখা হয় না। তাই বেশির ভাগ শিক্ষার্থীর কোনো প্রস্তুতি নেই। এর মধ্যে নবম শ্রেণিতে কোনো পরীক্ষা ছাড়াই তাদের পাস করিয়ে দেওয়া হয়েছে। দশম শ্রেণিতেও তাদের তেমন কোনো লেখাপড়া হচ্ছে না। কারণ প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে, তার কোনো সুনির্দিষ্ট সময়ও নেই। এই পরিস্থিতিতে ২০২২ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে নেওয়ার দাবি করে তারা। অন্যথায় বহু শিক্ষার্থীর ঝরে পড়ার আশঙ্কা দেখা দেবে।