সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা মোট তিনটি সেকশনে হবে। প্রথমে ৩০ মিনিটে ৩০ নম্বরের সংক্ষিপ্ত উত্তর, দ্বিতীয় সেকশনে ২০ নম্বরের একটি বা কয়েকটি প্রশ্নের বিস্তারিত বা ব্যাখ্যামূলক উত্তর, পরে ৫০০ শব্দের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, যার নম্বর থাকবে ২০। এক ঘণ্টায় ৭০ নম্বরের ফাইনাল পরীক্ষা হবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি পরীক্ষা বুধবার সকাল ১০টায় শুরু হয়েছে। অনলাইনে পরীক্ষা গ্রহণের আগে পরীক্ষা কমিটির চেয়ারম্যানের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের ডিন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কার্যালয়ে উপস্থিত হন
ছবি: প্রথম আলো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। আজ বুধবার কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪৯ জন শিক্ষার্থী অংশ নেন। এর আগে অনলাইনে ক্লাস ও ইন্টার্ন পরীক্ষা অনুষ্ঠিত হলেও স্নাতক পর্যায়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আজই প্রথম হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সকাল ১০টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কার্যালয়ে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষার কার্যক্রম শুরু হয়। পরীক্ষা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ রাশেদ আল মামুনের আমন্ত্রণে সেখানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন এম রাশেদ হাসনাত, কৃষি অনুষদের ডিন মো. রুহুল আমিন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মো. আবু সাঈদ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন রোমেজা খানম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাজিদুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোহাম্মদ নূর হোসেন মিঞা প্রমুখ।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, এখন প্রযুক্তির যুগ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পৃথিবী চলছে। এরই ধারাবাহিকতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের জন্য অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনলাইনের মাধ্যমে এ সেমিস্টার ফাইনাল পরীক্ষা মোট তিনটি সেকশনে অনুষ্ঠিত হবে। প্রথম সেকশনে শিক্ষার্থীরা ৩০ মিনিটে ৩০ নম্বরের বিভিন্ন প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেবেন। দ্বিতীয় সেকশনে ২০ নম্বরের একটি বা কয়েকটি প্রশ্নের বিস্তারিত বা ব্যাখ্যামূলক উত্তর দেবেন। তৃতীয় সেকশনে ৫০০ শব্দের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, যার নম্বর থাকবে ২০। এভাবে এক ঘণ্টায় মোট ৭০ নম্বরের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কৃষি অনুষদ এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ৮ সেপ্টেম্বর তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করবে। একইভাবে ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ ১৩ সেপ্টেম্বর এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ ১৫ সেপ্টেম্বর তাদের স্নাতক পর্যায়ের বিভিন্ন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনলাইনে শুরু করতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক রোমেজা খানম বলেন, এই অনলাইন পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার কারণে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েরই সুবিধা হবে। এতে করোনার কারণে পিছিয়ে পড়া একাডেমিক ব্যবস্থাকে শিগগির পুনরুদ্ধার করা যাবে।