একাদশ শ্রেণিতে ভর্তিতে শেষ ধাপে আবেদন ১ লাখ ৮৩ হাজার ৩৬৬, শূন্য থাকবে বিপুল আসন
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ও শেষ ধাপে আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৩৬৬ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
এবার প্রথম ধাপে কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী। প্রথম ধাপে আবেদন শেষে একাদশ শ্রেণিতে ক্লাসও শুরু হয়েছে।
কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে মোট ভর্তিযোগ্য আসন ২৬ লাখ ১ হাজার ৭৭৯টি। এই তথ্য বলছে দ্বিতীয় ধাপের আবেদনকারী সবাই ভর্তি হলেও এবার বিপুলসংখ্যক আসন খালি থাকবে।
এবার কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী।