এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নতুন উপাচার্য খুঁজতে সার্চ কমিটি

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের লোগোছবি: ফেসবুক থেকে নেওয়া

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) নতুন উপাচার্য খুঁজতে গঠিত হয়েছে সার্চ কমিটি। বর্তমান উপাচার্য রুবানা হকের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সার্চ কমিটি প্রধান একাডেমিক কর্মকর্তাও খুঁজবে।

চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক এই বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গত বুধবার পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন উপাচার্য খুঁজে পেতে সহযোগিতা দেবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী খুঁজে দেওয়ার আন্তর্জাতিক প্রতিষ্ঠান উইটকিফার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্চ কমিটিতে কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন নিউইয়র্ক ইউনিভার্সিটির ইমিরেটাস প্রেসিডেন্ট অধ্যাপক জন সেক্সটন এবং ওয়েলেসলি কলেজের প্রেসিডেন্ট ড. পলা জনসন।

আরও পড়ুন

সার্চ কমিটির সদস্যরা হলেন বাংলাদেশের আইসিডিডিআরবির ভ্যাকসিন সায়েন্স সেন্টারের পরিচালক ও জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী, বোস্টনভিত্তিক সাবেক হেজ ফান্ড ব্যবস্থাপক পল সিয়াম্পা, যুক্তরাষ্ট্রের একাধিক বায়োফার্মা কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ড. আলপনা সেথ, সুইট ব্রায়ার কলেজের সাবেক প্রেসিডেন্ট ড. মেরেডিথ উ। ফেরদৌসী কাদরী, আলনা সেথ ও মেরিডিথ উ তিনজনই এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্টি বোর্ডের সদস্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্চ কমিটি তাদের সুপারিশ ট্রাস্টি বোর্ডর কাছে দেবে। এরপর বোর্ডই নতুন উপাচার্য নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এশিয়ান ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য রুবানা হক চার বছরের জন্য ২০২২ সালে নিয়োগ পেয়েছিলেন। তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি। তাঁর আগে উপাচার্যের দায়িত্বে ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী নির্মলা রাও।

আরও পড়ুন

অ্যান্ড্রু ডব্লিউ মেলন ফাউন্ডেশনের একটি বড় অনুদানে ২০০৮ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। এশিয়া ও মধ্যপ্রাচ্যের ২০টির বেশি দেশের শিক্ষার্থী বর্তমানে এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছেন। মূলত যেসব সম্প্রদায়ের মেয়েদের উন্নতির সুযোগ কম, সেখানকার মেধাবী তরুণীদের খুঁজে বের করে তাঁদের উচ্চশিক্ষা অর্জন ও নেতৃত্বের ভূমিকায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক এক উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আচার্যের পদে রয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী, মানবাধিকারকর্মী শেরি ব্লেয়ার। তাঁর স্বামী টনি ব্লেয়ার যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।