শিক্ষার্থীদের জেলা পর্যায়ে উদ্ভাবনী প্রতিযোগিতা আগামীকাল

শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প উপস্থাপন। গতকাল রমনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেপ্রথম আলো

উপজেলার পর জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। গতকাল শুক্রবার অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে সেরা দলগুলো আগামীকালের উদ্ভাবনী প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেবে।

প্রত্যেক উপজেলা থেকে সেরা একটি দল এবং মহানগর এলাকার শিক্ষা থানা থেকে সেরা দুটি দল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ শ দল অংশ নেবে। তিনজন শিক্ষার্থী ও দুজন শিক্ষকের সমন্বয়ে একেকটি দল গঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় প্রথমবারের মতো এই বৃহৎ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি উপজেলা-থানা, জেলা ও জাতীয়—এই তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ ধারণার এ প্রদর্শনী তরুণ মেধার প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে। নতুন ভাবনা, বাস্তব সমস্যার সমাধান এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে হাজির হচ্ছে শিক্ষার্থীরা।

আগামীকাল বিএএফ শাহীন কলেজে ঢাকা জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এখানে বেলা তিনটায় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে।

সারা দেশে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা থেকে বাছাই করা হবে সেরা ১০০টি দল। এরপর ২৮ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের চূড়ান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

জাতীয় পর্যায়ে অংশ নেওয়া দলগুলো তাদের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবে। সেখান থেকে নির্বাচিত হবে সেরা ১০টি দল। বিজয়ী শিক্ষার্থীরা পাবে ২০ হাজার টাকা ও সনদ। আর বিজয়ী শিক্ষকেরা পাবেন ৩০ হাজার টাকা ও সনদ।