ই-লার্নিং প্ল্যাটফর্ম
ই-লার্নিংয়ে ঝুঁকছে শিক্ষার্থীরা
দেশে ই-লার্নিং প্ল্যাটফর্ম বা অ্যাড-টেক প্রতিষ্ঠান প্রায় ৯০টি। ২০২৫ সাল নাগাদ দেশে অ্যাড-টেকের বাজার এক বিলিয়ন ডলার হতে পারে।
যাহরা রাব্বি ইসলামের পরদিন গণিতের পরীক্ষা ছিল। কিন্তু একটি বিষয় সে বুঝতে পারছিল না। তখন বেশ রাত হয়ে গেছে। যে শিক্ষকের কাছে সে পড়ে, তিনিও ঘুমিয়ে গেছেন। যাহরা তখন টেন মিনিট স্কুলের ইউটিউবে থাকা নির্দিষ্ট ওই বিষয়টি পেয়ে যায়। সেটা তাকে বিষয়টি বুঝতে সাহায্য করে।
এসএসসি পরীক্ষার্থী যাহরার মতো অনেক শিক্ষার্থীর শিক্ষা সহায়কের ভূমিকা পালন করছে দেশের ই-লার্নিং প্ল্যাটফর্মগুলো। দেশে এখন এক কোটির বেশি শিক্ষার্থী এ ধরনের প্ল্যাটফর্মে পড়াশোনা করছে, নিজেদের দক্ষতা বাড়াচ্ছে।
অনলাইন প্ল্যাটফর্মভিত্তিক শিক্ষাকে জনপ্রিয় করেছিল খান একাডেমি। এই একাডেমির প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান শুরুতে নিজের পরিবার, বন্ধু-স্বজনদের জন্য টিউটোরিয়াল ভিডিও করে ইউটিউবে আপলোড করতেন। পরে ২০০৮ সালে তিনি এটা ব্যবসায়িক মডেলে চালু করেন। বাংলায়ও খান একাডেমির কনটেন্ট রয়েছে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান গ্র্যান্ড ভিউ রিসার্চ জানিয়েছে, ২০৩০ সাল নাগাদ বিশ্বে অ্যাড-টেকের বাজার ৩৪৮.৪১ বিলিয়ন ডলার হবে।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) তথ্যমতে, দেশে ই-লার্নিং প্ল্যাটফর্ম বা অ্যাড-টেক প্রতিষ্ঠানের সংখ্যা ৯০–এর বেশি। বাংলাদেশে ২০২৫ সাল নাগাদ অ্যাড-টেকের বাজার এক বিলিয়ন ডলার হতে পারে।
দেশীয় পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশে স্টার্টআপে যেসব বিনিয়োগ আসছে, তার মধ্যে শিক্ষায় বিনিয়োগ বাড়ছে।
প্রযুক্তি নিয়ে মানুষের আত্মবিশ্বাসের জায়গা এখনো কম। এসব সমস্যার সমাধানে শিখো কিছু উদ্যোগ নিয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ই-লার্নিংয়ের কিছু কিছু উদ্যোগ মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় বিনিয়োগ অনেক কম। কিছু কিছু প্রতিষ্ঠান ডিজিটাল দক্ষতা নিয়ে কাজ করছে। কিন্তু কারিগরি শিক্ষা ও দক্ষতা নিয়ে উদ্যোগ থাকা প্রয়োজন। যেখানে কর্মসংস্থান সৃষ্টি এখন জাতীয় অগ্রাধিকার।
বছর দশেক আগে শুরুটা হলেও করোনার সময়ে দেশে ই-লার্নিং জনপ্রিয়তা পায়। করোনা মহামারিকালে সবচেয়ে বেশি প্রসারিত হয়। বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারও নানা উদ্যোগ হাতে নেয়। সরকার নিজেই বেশ কিছু প্ল্যাটফর্ম চালু করে। এ ছাড়া টেলিভিশনে সরকারি উদ্যোগে ক্লাস শুরু হয়েছিল, যা অনলাইনে বা স্ক্রিনে পড়াশোনার অভ্যাস গড়তে সহায়তা করেছে। শিক্ষার্থীরা অনেকেই এখন ভরসা করছে ই-লার্নিংয়ের ওপর।
সদ্য কলেজে ওঠা মাইশা রহমান হাল্কেনস্টাইন নামের একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম থেকে এইচএসসির একাডেমিক কোর্সগুলোর জন্য একবারের একটি প্যাকেজ কিনেছে। এতে তার খরচ পড়েছে ১ হাজার ২৫০ টাকা। মাইশা জানায়, কোর্সগুলো তার কাছে ভালো মনে হচ্ছে।
একাডেমিক শিক্ষা, দক্ষতাভিত্তিক শিক্ষাসহ নানা কিছুই শেখাচ্ছে এসব ই-লার্নিং প্ল্যাটফর্ম। শিক্ষার্থী ও অভিভাবকেরা ধীরে ধীরে শিক্ষার পরিবর্তিত এই ধরনে ঝুঁকছেন।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখনো ই-লার্নিং অনেক চ্যালেঞ্জের। মুঠোফোন, ল্যাপটপ বা ট্যাবে পড়াশোনা যে হতে পারে, এটা অভিভাবকদের অনেকে বুঝতে চান না। হাতে কোনো ডিভাইস বেশিক্ষণ থাকা বাবা-মায়েরা মানতে চান না। এসব নিয়ে শিক্ষার্থীরাও অভিযোগ জানায়।
ই-লার্নিং প্ল্যাটফর্ম শিখোর সহপ্রতিষ্ঠাতা জিশান জাকারিয়া প্রথম আলোকে বলেন, প্রযুক্তি নিয়ে মানুষের আত্মবিশ্বাসের জায়গা এখনো কম। এসব সমস্যার সমাধানে শিখো কিছু উদ্যোগ নিয়েছে।
জিসান বলেন, প্রতি শুক্রবার প্ল্যাটফর্মের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে তাঁরা সেমিনার করেন। সেখানে তাঁদের ই-লার্নিংয়ের গুরুত্ব বোঝানো হয়। পাশাপাশি শিখোও কীভাবে আরও ভালো করা যায়, প্রতিনিয়ত তা শিখছে।
এ ধরনের শিক্ষায় অভিভাবকেরা চাইলে সন্তানের পড়াশোনার খোঁজ নিজেরাই সরাসরি নিতে পারেন বলে জানান ই-ক্যাবের অ্যাড-টেক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনির হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, মানুষ এখনো ই-লার্নিংয়ে পুরোপুরি আস্থা পায় না। কিন্তু শিক্ষার্থী কত সময়, কী পড়ছে, ফলাফল কেমন হচ্ছে—সবকিছুই অভিভাবক এখানে যাচাই করতে পারেন।
ই-লার্নিং খাত এগিয়ে নেওয়ার পথে আরও কিছু চ্যালেঞ্জের কথা জানান উদ্যোক্তারা। দেশে প্রযুক্তিতে দক্ষ জনশক্তি প্রয়োজনের তুলনায় কম। শিক্ষাটা এখনো শহরকেন্দ্রিক। ইন্টারনেট ব্যবহারকারী অনেক কম। শিক্ষার্থীদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট ডিভাইস নেই।
এ ধরনের শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে শিক্ষার্থী ও উদ্যোক্তারা বলেন, টিউশন ফি খরচের ১০ ভাগের ১ ভাগ ব্যয়েই ই-লার্নিং প্ল্যাটফর্মে শেখা যায়। প্রচলিত ব্যবস্থায় একেকটি বিষয় কোচিং বা কোনো টিউটরের কাছে পড়তে গেলে মাসে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা খরচ হয়। কিন্তু এ ধরনের প্ল্যাটফর্মে খরচ ১৫০ টাকার বেশি হয় না। দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন। রাজধানীর কথা চিন্তা করলে কোনো শিক্ষকের কাছে বা কোচিংয়ে যাতায়াতে অনেক সময় ব্যয় হয়। কিন্তু অনলাইনে সে ঝক্কি নেই।
একাডেমিক শিক্ষার পাশাপাশি নানা কোর্সভিত্তিক ই-লার্নিংয়ের চাহিদাও বাড়ছে। এডভাইভের প্রতিষ্ঠাতা মহিদুল আলম বলেন, যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে আগ্রহী, তাদের কথা মাথা রেখেই নানা ধরনের কোর্স সাজিয়েছে তাঁর প্রতিষ্ঠান। এক বছরের মধ্যেই তাঁরা বেশ সাড়া পাচ্ছেন।
উদ্যোক্তাদের অনেকে অ্যাড-টেক নিয়ে কাজ করতে এগিয়ে আসছেন, যা আশাব্যঞ্জক বলে মনে করেন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডিনেট ও আই সোশ্যালের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী অনন্য রায়হান। তিনি প্রথমআলোকে বলেন, দেশের বিদ্যমান প্ল্যাটফর্মগুলো মূলত প্রাতিষ্ঠানিক শিক্ষার সহযোগী হিসেবে বাজার দখলের চেষ্টা করছে। তবে মিশ্র শিক্ষণ পদ্ধতিতে মনোযোগ দেওয়া দরকার, যা মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরে ভূমিকা রাখতে পারবে। নয়তো এটা অনলাইন কোচিং সেন্টার ছাড়া আর কিছু হবে না।