বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম
দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক জাহাঙ্গীর আলম। চার বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। গত বুধবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০–এর ধারা–৩১–(১) অনুযায়ী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।
অধ্যাপক জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে মৎস্য অধিদপ্তরে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে যোগদান করেন এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে প্রায় ২৭ বছর দায়িত্ব পালন করেন। তিনি ২০১১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ডিন, প্রধান ও পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। দেশি–বিদেশি জার্নালে তাঁর শতাধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে।