এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি, তথ্য সংশোধনের সুযোগ, নতুন সূচি দেখুন

ছবি: এআই

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী শিক্ষকেরা বদলির আবেদন করতে পারবেন ১২ থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৬–এর মধ্যে। এবার আবার প্রতিষ্ঠানপ্রধানদের তথ্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ফলে যেসব শিক্ষক এখনো আবেদন করেননি, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নতুন সূচি অনুযায়ী, স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানেরা ৬ ও ৭ সেপ্টেম্বর এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসাররা ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য ইনপুট, যাচাই ও চূড়ান্ত অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করবেন। কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানেরা ৬ ও ৭ সেপ্টেম্বর এবং আঞ্চলিক উপপরিচালক (কলেজ) ও আঞ্চলিক পরিচালকেরা ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন করবেন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকেরা ১২ ও ১৩ সেপ্টেম্বর বদলির আবেদন করতে পারবেন। তবে এর আগে যাঁরা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

নির্ধারিত সূচি অনুযায়ী গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) আবেদন গ্রহণের শেষ দিন ছিল। তবে এ সময় বাড়ানোয় নতুন সূচি অনুযায়ী এখন আবার শিক্ষকেরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

এর আগে ২১ আগস্ট বেলা ১১টা থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনপ্রক্রিয়া শুরু হয়। শিক্ষকেরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মুঠোফোনে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করেছেন।

১৮ আগস্ট বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের—প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রতিষ্ঠানপ্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ সব শিক্ষক—‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী বদলি করা হবে।