ইউল্যাবে বাংলা ও সাহিত্য বিভাগের যাত্রা শুরু
ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশ (ইউল্যাব)–এ ‘বাংলা ও সাহিত্য’ বিভাগের যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বিভাগটির উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে ‘প্রথম আগমনীর গান’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর শুরুতে বিভাগের উদ্বোধন ঘোষণা করা হয়।
সেলিনা হোসেন বলেন, ইউল্যাবে বাংলা ও সাহিত্য বিভাগ চালু হওয়া অনেক আনন্দের। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিভাগ নেই। বাংলা ভাষার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাষার মর্যাদার জন্য আমরা একুশে ফেব্রুয়ারি পালন করেছিলাম। সেটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। যেসব দেশ উপনিবেশ হিসেবে অন্য দেশের অধীনে আছে, তারা তাদের মাতৃভাষার মর্যাদার জন্য নিজেদের দেশে একুশে ফেব্রুয়ারি পালন করবে। এটা আমাদের জাতিসত্তার জন্য বিশাল গৌরবের।’
বাংলা একাডেমির সভাপতি আরও বলেন, ‘আমি সবাইকে বলি, ১৯৪৭–পরবর্তী সময়ে আমাদের সাহিত্য যেভাবে ভিন্ন স্রোতমাত্রায় প্রতিষ্ঠিত হয়েছে, সেটিকে ধারণ করে সাহিত্যকে অনুবাদ করবেন। এটা ইংরেজিকে মর্যাদা দেওয়া নয়, আমাদের মাতৃভাষাকে মর্যাদায় তোলা।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, ‘আমরা জ্ঞানকে হারিয়ে ফেলেছি। কারণ, এটা জ্ঞানের যুগ নয়, এটা অর্থের যুগ। একসময় ধর্মের যুগ ছিল; বিজ্ঞান, শিল্প-সাহিত্য ও দর্শনের যুগ ছিল। কিন্তু আজকের পৃথিবী সবচেয়ে বিপজ্জনক জায়গায় এসে দাঁড়িয়েছে।’
‘জ্ঞানকে তপস্যার মতো করে নিতে হবে’ উল্লেখ করে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আজ বাংলা নেই। কারণ, বাংলা টাকা আনতে পারে না। শুধু বাংলা পড়লাম, তাতে কোনো লাভ হবে না। আমি বাংলাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাব—এই চিন্তা থাকতে হবে। সেটির জন্য ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে।’ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলার চর্চা এবং বাংলাকে বড় জায়গায় নিতে প্রয়োজনীয় ত্যাগ করলে বাংলা পড়েও সফল হওয়া যায়।
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা বলেন, ‘দেশের অন্যতম সেরা ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু করে আমরা গর্বিত। বাংলা ভাষা ছাড়াও দেশে ৪৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা ও সাহিত্য রয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এসব ভাষা ও সাহিত্য নিয়েও ১০০ নম্বরের কোর্স রাখা হয়েছে। ইউল্যাবই প্রথম বিশ্ববিদ্যালয়, যেখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা পড়ানো হবে।’
ইউল্যাবের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তিনিই প্রথম মুক্তিযুদ্ধের চেতনার শক্তি হিসেবে আজকের কাগজ পত্রিকা করেন। বাংলাদেশের সাংবাদিকতার পরিবর্তনে অন্য ধরনের একটি পত্রিকা আনলেন। মুক্তচিন্তার একটি পত্রিকা।’
কলকাতার দে’জ পাবলিকেশন্সের পরিচালক শুভঙ্কর দে অপু বলেন, ‘আমার বাংলাদেশে আসতে ভালো লাগে। কারণ, একমাত্র বাংলাদেশেই আমি মাতৃভাষায় কথা বলতে পারি।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাকে শুধু পড়লে হবে না। ভালোবেসে পড়তে হবে। কারণ, মানুষই একমাত্র প্রাণী যাকে মানুষ হয়ে উঠতে হয়। তাই মাতৃভাষার শিক্ষা গ্রহণ করলেই আমরা মানুষ হয়ে উঠতে পারব।’
ভারতের কলকাতার কবি ও চলচ্চিত্র পরিচালক চন্দ্রিল ভট্টাচার্য বলেন, ‘ভালো করে সাহিত্য চর্চা ও স্বাধীনভাবে লেখালিখির জন্য চমৎকার আর্থিক স্বাচ্ছন্দ্য থাকা দরকার। তার দরুন মনে যে প্রশান্তি আসে, তাতে সাহিত্য চর্চা আরও প্রসন্ন হয়। সে ক্ষেত্রে যাদের কাছে পুঁজি আছে, প্রতিপত্তি আছে, তাঁরা যদি এগিয়ে আসেন, তাহলে বিষয়টা সহজ হয়। ইউল্যাবের ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে। তাই আমি ইউল্যাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই।’
বাংলা ভাষার অবস্থানটা অদ্ভুত উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলা ভাষার অসামান্য সম্পদ সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার ক্ষমতা যে সুবিধার নয়, বাংলা ভাষাকে অবলম্বন করে লিখলে, বললে, ভাবলে আন্তর্জাতিকভাবে বিরাট একটা সম্মান, স্বীকৃতি পাওয়া সম্ভব, তা যে নয়, এটা নিয়েও আমাদের সন্দেহ নেই।’
শেষে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, ‘আমাদের ইংরেজি বিভাগ ও বাংলা বিভাগ একে অপরের সম্পর্ক হিসেবে কাজ করবে। বাংলা বিভাগ যে জ্ঞান চর্চা করবে, সেই জ্ঞান ইংরেজিতে অনূদিত হবে। আমাদের ছাত্ররা চাইলে মিডিয়া স্টাডিজ পড়তে পারবে, ব্যবসা পড়তে পারবে, ইন্টারন্যাশনাল রিলেশন পড়তে পারবে। এটার মাধ্যমে জ্ঞানের যেকোনো সীমাবদ্ধতা হয় না, আমরা সেটা উদ্যাপন করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই চিন্তাকে শেখাতে। যদি চিন্তার জায়গা পরিষ্কার না হয়, লেখা সম্ভব নয়, প্রকাশ করা সম্ভব নয়। আমাদের মূল উদ্দেশ্য, চিন্তার জায়গাটা পরিষ্কার করা, সেই উদ্দেশ্য নিয়ে বাংলা বিভাগের যাত্রা শুরু।’
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইউল্যাবের উপাচার্য ইমরান রহমান।