৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫ জন
৪৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারে চূড়ান্তভাবে গেজেট হয়েও ৪৫ জন চাকরিতে যোগ দেননি। ৪৫ পদ ফাঁকা রেখেই ৪৫তম শিক্ষা ক্যাডারের যোগদান প্রক্রিয়া শেষ হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রভাষক পদে যোগদানপত্র পাওয়ার পর যোগদানকারী ৩৩৯ জন প্রভাষকের যোগদানপত্র তাদের যোগদানের তারিখ থেকে গৃহীত হলো। যেখানে বাংলা বিষয়ের প্রভাষক পদে ২৫ জন, ইংরেজি বিষয়ে ২৩, রাষ্ট্রবিজ্ঞান পদে ১৯, দর্শন বিষয়ে ১৪, অর্থনীতি বিষয়ে ১৭, প্রাণিবিদ্যা বিষয়ে ১৮ জন প্রভাষক পদে যোগদান করেছেন বলে জানানো হয়।
এ ছাড়া ইতিহাসে ১২ জন, সমাজকল্যাণে ৯, রসায়নে ২৩, মনোবিজ্ঞানে ৫, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পদে ২০, পদার্থবিদ্যা ১৭, উদ্ভিদবিদ্যায় ১৮, সমাজবিজ্ঞানে ৬, গণিতে ১৭, ভূগোলে ৮, মৃত্তিকাবিজ্ঞানে ২, হিসাববিজ্ঞান ১৮, মার্কেটিংয়ে ৫, ব্যবস্থাপনায় ১৯, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ২, কৃষিবিজ্ঞানে ৫, পরিসংখ্যানে ৩, সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনিউরশিপে ১, প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনা ১, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩২ জন প্রভাষক হিসেবে যোগদান করেছেন বলে জানানো হয়েছে সেখানে।
এর আগে ২০২৬ সালের ২৫ অক্টোবর, ৪৫তম বিসিএসের মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩৮৪ জনকে ১৪টি শর্তে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। যেখানে নিয়োগপ্রাপ্তদের ১ নভেম্বরের মধ্যে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সশরীর উপস্থিত হয়ে যোগদানের শর্ত দেওয়া হয়েছিল। সেই প্রজ্ঞাপনের পর ৩৩৯ জন যোগদান করেছে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।