উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কেন এখন নিউজিল্যান্ড
বিদেশে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় দ্রুত উঠে আসছে নিউজিল্যান্ড। দেশটি এখন বিশ্বের শীর্ষ তিনটি জনপ্রিয় দেশের একটি হিসেবে জায়গা করে নিয়েছে। নতুন এক জরিপে দেখা গেছে, সম্ভাব্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২২ শতাংশ নিউজিল্যান্ডকে তাদের শীর্ষ পছন্দের দেশগুলোর মধ্যে রেখেছেন।
এই তথ্য জানিয়েছে দেশটির সরকারি সংস্থা এডুকেশন নিউজিল্যান্ড। সংস্থাটি বলছে, ২০৩৪ সালের জন্য নির্ধারিত জাতীয় লক্ষ্য প্রায় এক দশক আগেই অর্জিত হয়েছে।
বিভিন্ন দেশে বেড়েছে আগ্রহ
এডুকেশন নিউজিল্যান্ডের ‘গ্লোবাল ব্র্যান্ড হেলথ অ্যান্ড অ্যাওয়ারনেস জরিপ’ অনুযায়ী, বিশ্বের ১১টি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী উৎসবাজারে নিউজিল্যান্ডের প্রতি আগ্রহ বেড়েছে। এসব বাজারের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার মতো ঐতিহ্যবাহী গন্তব্যও রয়েছে।
জরিপে দেখা গেছে, প্রধান উৎসবাজারগুলোয় পড়াশোনার গন্তব্য হিসেবে নিউজিল্যান্ডের গ্রহণযোগ্যতা ৭৯ শতাংশে পৌঁছেছে। এতে দেশটি ইউরোপ ও এশিয়ার শীর্ষ গন্তব্যগুলোর সমপর্যায়ে উঠে এসেছে।
সচেতনতা থেকে পছন্দে রূপান্তর
এডুকেশন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী লিন্ডা সিসন্স বলেন, ‘এই গবেষণা দেখাচ্ছে, প্রতিষ্ঠিত বৈশ্বিক স্টাডি ডেস্টিনেশনগুলোর পাশে এখন দৃঢ়ভাবে অবস্থান করছে নিউজিল্যান্ড।’ তিনি বলেন, ‘শুধু পরিচিতি নয়, এখন শিক্ষার্থীদের প্রকৃত পছন্দের তালিকায়ও নিউজিল্যান্ড উঠে আসছে, যা ভবিষ্যৎ ভর্তি প্রবণতার শক্তিশালী ইঙ্গিত।’
প্রবৃদ্ধির ধারাবাহিকতা
সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে যে প্রবৃদ্ধি দেখা গেছে, এই নতুন ফলাফল তারই ধারাবাহিকতা। ২০২৬-২৭ সালের পরিকল্পনা ও বিনিয়োগ সিদ্ধান্তেও এ জরিপের ফল ব্যবহার করা হবে।
নিউজিল্যান্ড কর্তৃপক্ষ বলছে, উচ্চমানের শিক্ষা, ভালো শিক্ষার্থী অভিজ্ঞতা এবং স্নাতক শেষে কর্মসংস্থানের সুযোগ তুলে ধরেই তারা আরও আন্তর্জাতিক শিক্ষার্থী আকৃষ্ট করতে চায়।