প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল
ভারত মেডিকেলের ভর্তি পরীক্ষা নিট-ইউজি ২০২৬ বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের অভিযোগ সামনে আসার পরই আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় ভারতের সরকার। এ ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতি এনটিএ জানিয়েছে, জাতীয় স্তরের এই পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং পরীক্ষার্থীদের আস্থা ফেরাতেই এ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির আবার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে। নতুন করে অ্যাডমিট কার্ড ইস্যু করার সূচিও এনটিএর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রায় ২২ লাখ ৭৯ হাজার নথিভুক্ত পরীক্ষার্থীর জন্য ভারতের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরে অবস্থিত ৫ হাজার ৪৩২টির বেশি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ফলে নিট–ইউজি বিশ্বের অন্যতম বৃহত্তম প্রবেশিকা পরীক্ষায় পরিণত হয়।
৩ মে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা (নিট-ইউজি) অনুষ্ঠিত হয়। কিন্তু তার পরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠতে শুরু করে। ২০২৪ সালেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতেই এবার পরীক্ষার ৯ দিনের মধ্যে তা বাতিল করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এ অবস্থায় সর্বভারতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষা আয়োজনে কেন্দ্রের ‘ব্যর্থতা’ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দলগুলো।