বায়ুদূষণে এবার ব্যাংককের ৩৫০ স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরেই থাইল্যান্ডে বায়ুদূষণ বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে। এ বছর বায়ুদূষণের অবস্থা এত মারাত্মক অবস্থায় পৌঁছেছে যে দেশটির রাজধানীর ব্যাংককের প্রায় সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ২০২০ সালের পর সবচেয়ে বেশি বিপর্যয়কর অবস্থার মধ্যে এখন ব্যাংকক।

এ কারণে ব্যাংককে প্রায় সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ব্যাংকক নগর কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, বায়ুদূষণের কারণে ৩৫০টি স্কুল বন্ধ থাকবে। এর আগে ২০২২ সালে বায়ুদূষণের কারণে ব্যাংককে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল।

দূষণের মাত্রা এতটাই বেশি যে ব্যাংককবাসীকে দাপ্তরিক কাজ বাড়িতে বসে করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি রাজধানীতে ভারী যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে।

আরও পড়ুন

৬১ বছর বয়সী বেনজাওয়ান সুকেনাই ব্যাংককের একজন কোমল পানীয় বিক্রেতা। তিনি এএফপিকে বলেন, ‘শ্বাস নিতে কষ্ট হচ্ছে...আমি সত্যিই গলায় জ্বালা অনুভব করছি। আমি মনে করি (স্কুল বন্ধ) কিছুটা হলেও বায়ুর উন্নতিতে সাহায্য করতে পারে।’

ব্যাংকক নগর কর্তৃপক্ষ রাজধানীবাসীর জন্য দেওয়া এক বার্তায় বলেছে, ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন বায়ুদূষণের কারণে ৩১টি জেলার ৩৫২টি স্কুল বন্ধ করে দিয়েছে।  

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের মতে, বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে ব্যাংককের অবস্থান শুক্রবার সকালের দিকে ছিল সপ্তম।

এর আগে গত বৃহস্পতিবার নগর কর্তৃপক্ষ ২৫০টি স্কুল বন্ধ করে দেয়। একই সঙ্গে নগরের কর্মজীবীদের বাড়ি থেকে কাজ করার আহ্বান জানায় তারা। এ ছাড়া শহরের রাস্তায় ভারী যানবাহন চলাচলের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরদিন গতকাল শুক্রবার বন্ধ ঘোষিত স্কুলের সংখ্যা আরও বাড়ানো হয়।

আবহাওয়াবিদেরা বলছেন, শীতকালীন শুষ্ক ঝড়, ফসলের খড় পোড়ানোর ধোঁয়া ও গাড়ির ধোঁয়া মিলে ব্যাপকভাবে বায়ুদূষণ সৃষ্টি হয়েছে।

বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। প্রতি বর্গমিটারে এর পরিমাণ ১২২ মাইক্রোগ্রাম। এই ক্ষুদ্র কণা ফুসফুসের মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যানসার হতে পারে। এর আগে ব্যাংকক কর্তৃপক্ষ জানিয়েছিল, স্কুলগুলো যেসব এলাকায় অবস্থিত, চলতি সপ্তাহে সেখানকার বাতাসে পিএম ২.৫–এর পরিমাণ ছাড়িয়ে গেলে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ব্যাংককের স্কুল বন্ধের এই সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ২০২৪ সালে তাপপ্রবাহ, ঝড়, বন্যা ও খরার কারণে স্কুল বন্ধ হয়ে ৭৭টি দেশের অন্তত ২৪ কোটি ৭০ লাখ শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল ছিল দক্ষিণ এশিয়া।