অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা-স্টাডি সেন্টার বন্ধের নির্দেশ
সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনুমোদন ব্যতীত পরিচালিত এসব প্রতিষ্ঠানকে অনুমোদনের জন্য আবেদন করতে বলা হয়েছে।
আজ সোমবার ইউজিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ব্যতীত বেশ কয়েকটি দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টার/টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ব্যতীত স্থাপিত ও পরিচালিত প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা ইতিমধ্যে কমিশনের হস্তগত হয়েছে। বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪–এর অধীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টার স্থাপন ও পরিচালনার বিধান রয়েছে।
অননুমোদিতভাবে পরিচালিত সব প্রতিষ্ঠানকে বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা অনুযায়ী অনুমোদন পাওয়ার লক্ষ্যে ২৫ এপ্রিলের মধ্যে আবেদন কমিশনে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে, ওই সব প্রতিষ্ঠানের শিক্ষাসহ সব কার্যক্রম স্থগিত করা হলো। অন্যথায় অননুমোদিতভাবে পরিচালিত ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’