কানাডায় উচ্চশিক্ষা: স্বপ্নের আগে দরকার বাস্তব পরিকল্পনা

কানাডায় শিক্ষাজীবনের সবচেয়ে ভালো আর্থিক কৌশল হলো—প্রথম বছরের ব্যয় নিজস্ব বা পারিবারিক বৈধ অর্থে বহনের প্রস্তুতি রাখাছবি: এআই/সিএইচএস এডুকেশনের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় পড়তে যাবেন? তাহলে আগে উত্তর খুঁজতে হবে, প্রথম বছরের বাজেট পকেটে আছে তো? কানাডায় পড়াশোনা এখন বাংলাদেশের বহু শিক্ষার্থীর কাছে শুধু বিদেশে একটি ডিগ্রি নেওয়ার বিষয় নয়। এটি নতুন দক্ষতা অর্জন, আন্তর্জাতিক কর্মপরিবেশে প্রবেশ এবং দীর্ঘমেয়াদে নিজের ক্যারিয়ার গড়ার একটি সুযোগ। তবে সুযোগের পাশাপাশি বাস্তবতাও আছে। ভর্তি, ভিসা, খরচ, চাকরি ও ভবিষ্যৎ স্থায়ী বসবাস—সব মিলিয়ে সিদ্ধান্তটি হওয়া উচিত তথ্যভিত্তিক ও সুপরিকল্পিত।

কানাডায় যেতে চাওয়া শিক্ষার্থীদের প্রথমেই বুঝতে হবে, এর ভিত্তি কোনো শর্টকাট প্রক্রিয়া নয়। বরং সিদ্ধান্তের সময় লক্ষ্য রাখতে হবে নিজের আগ্রহ, পড়াশোনার পটভূমি, পরিবারের আর্থিক সামর্থ্য এবং ভবিষ্যৎ পেশাগত লক্ষ্যকে একসঙ্গে বিবেচনা করা।

বিষয় ও প্রতিষ্ঠান বাছাই—

অনেকেই শুরুতেই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বা শহরের পরিচিত নাম দেখে আবেদন করতে চান। কিন্তু তার আগে জরুরি প্রশ্ন হলো—কোন বিষয়টি আপনাকে ক্যারিয়ারে এগিয়ে নেবে? তথ্যপ্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস, সাইবার সিকিউরিটি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, সাপ্লাই চেইন, শিক্ষা, ব্যবসা এবং স্কিলড ট্রেডসের মতো ক্ষেত্রগুলোতে বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে। শিক্ষার্থী যে বিষয়ে ভালো করতে পারবেন এবং যেটির সঙ্গে তাঁর পূর্ববর্তী পড়াশোনা বা অভিজ্ঞতার সংযোগ আছে, সেই বিষয়ই বেশি উপযোগী।

আবেদন করার আগে অবশ্যই দেখতে হবে প্রতিষ্ঠানটি ‘ডেজিগনেটেড লার্নিং ইনিস্টিটিউশন (ডিএলআই)’ কিনা। একই সঙ্গে প্রোগ্রামটি শেষ করার পর ‘পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের (পিজিডব্লিউপি)’ সুযোগ আছে কি না—সেটিও যাচাই জরুরি। কারণ কানাডার সব প্রতিষ্ঠান এবং সব প্রোগ্রাম থেকে পড়াশোনা শেষে কাজের অনুমতির সুবিধা এক নয়।

টিউশন ফি এবং শহর নির্বাচন—

কানাডায় বিশ্ববিদ্যালয়, বিষয়, প্রোগ্রামের মেয়াদ ও প্রদেশভেদে টিউশন ফি ভিন্ন হয়। বড় শহরের নাম দেখে সিদ্ধান্ত নিলে বাজেটের ওপর বাড়তি চাপ পড়তে পারে। টরন্টো ও ভ্যাঙ্কুভারে পড়াশোনা, নেটওয়ার্কিং এবং চাকরির ক্ষেত্র বড় হলেও বাসাভাড়া ও দৈনন্দিন ব্যয় তুলনামূলক বেশি।

বাজেট সীমিত হলে ম্যানিটোবা, সাসকাচুয়ান, নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর কিংবা অ্যাটলান্টিক অঞ্চলের শহরগুলো বিবেচনায় আনা যেতে পারে। তবে খরচ কম দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। নির্বাচিত শহরে আপনার বিষয়ের কোর্স, কো–অপ বা ইন্টার্নশিপের সুযোগ, বাসার পরিবেশ, পরিবহন ও সম্ভাব্য চাকরির বাজার কেমন—এসবও বিবেচনায় রাখতে হবে।

জীবনযাত্রার খরচ: বাস্তব হিসাব জরুরি—

অনেক শিক্ষার্থীর পরিবার শুধু প্রথম বছরের টিউশন ফির হিসাব করেন। অথচ কানাডায় গিয়ে একজন শিক্ষার্থীর নিয়মিত খরচের তালিকা বেশ বড়। বাসাভাড়া, খাবার, স্থানীয় পরিবহন, স্বাস্থ্যবিমা, ফোন ও ইন্টারনেট, বইপত্র এবং ব্যক্তিগত খরচ—সব মিলিয়ে মাসিক বাজেট তৈরি করতে হয়।

শেয়ার করা বাসায় একটি কক্ষ নিলে শহরভেদে মাসে প্রায় কানাডিয়ান ডলারে ৭০০ থেকে ১,৫০০ বা এর বেশি লাগতে পারে। সব মিলিয়ে একজন শিক্ষার্থীর মাসিক ব্যয় অনেক ক্ষেত্রে ১,৫০০ থেকে ২,০০০ কানাডিয়ান ডলার বা এর বেশিও হতে পারে। ব্যক্তিগত জীবনযাপন, শহর এবং বাসার অবস্থানের কারণে এই ব্যয় কম-বেশি হয়।

স্টাডি পারমিটের জন্যও আর্থিক সক্ষমতা গুরুত্বপূর্ণ। বর্তমানে কুইবেকের বাইরে আবেদন করা শিক্ষার্থীকে টিউশন ও যাতায়াত খরচের বাইরে অন্তত ২৩ হাজার ৪৪৮ কানাডিয়ান ডলার জীবনযাত্রার অর্থ দেখাতে হয়। অর্থাৎ ভিসার জন্য দেখানো অর্থ এবং কানাডায় বাস্তবে চলার বাজেট—দুটিকেই গুরুত্ব দিয়ে পরিকল্পনা করতে হবে।

ভিসা ও ব্যাংক সলভেন্সি—

স্টাডি পারমিটের ক্ষেত্রে ব্যাংক সলভেন্সি পরিবারের আর্থিক সক্ষমতার বিশ্বাসযোগ্য প্রমাণ। ব্যাংক স্টেটমেন্টে অর্থ থাকলে ভিসা কর্মকর্তা জানতে চাইতে পারেন টাকাটি কোথা থেকে এসেছে, স্পনসরের পেশা বা ব্যবসা কী, আয় নিয়মিত কিনা এবং এই ব্যয়ের সঙ্গে পরিবারের আর্থিক অবস্থার সামঞ্জস্য আছে কি না।

তাই ব্যাংক স্টেটমেন্টের পাশাপাশি আয়কর নথি, চাকরির সনদ, বেতন বিবরণী, ব্যবসার কাগজপত্র, ব্যাংক লেনদেনের ধারাবাহিকতা ও সম্পর্কের প্রমাণ রাখা দরকার। হঠাৎ বড় অঙ্কের অর্থ জমা হলে তার আইনসংগত ও পরিষ্কার ব্যাখ্যা থাকা প্রয়োজন।

স্টেটমেন্ট অব পারপাস বা এসওপিও খুব গুরুত্বপূর্ণ। কেন এই কোর্স, কেন এই প্রতিষ্ঠান, কেন কানাডা এবং এই ডিগ্রি ভবিষ্যৎ ক্যারিয়ারে কীভাবে কাজে লাগবে—এসব প্রশ্নের উত্তর শিক্ষার্থীর নিজের পটভূমি অনুযায়ী স্বাভাবিক ও সত্যভাবে উপস্থাপন করা উচিত।

পার্টটাইম কাজ: সহায়ক, প্রধান ভরসা নয়—

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ আছে কিন্তু সেটিকে প্রথম দিনের নিশ্চিত আয় ধরে নেওয়া ঠিক নয়। যোগ্য শিক্ষার্থীরা ক্লাস চলাকালে সপ্তাহে সর্বোচ্চ ২৪ ঘণ্টা কাজ করতে পারেন। নির্ধারিত একাডেমিক বিরতিতে শর্ত পূরণ সাপেক্ষে পূর্ণসময়ে কাজের সুযোগ থাকে।

শিক্ষার্থীরা শুরুতে রেস্তোরাঁ, ক্যাফে, রিটেইল শপ, সুপারমার্কেট, গুদাম, কাস্টমার সার্ভিস বা ক্যাম্পাসভিত্তিক কাজে সুযোগ পেতে পারেন। তবে চাকরি পাওয়ার সময়সীমা নির্দিষ্ট নয়। ইংরেজিতে যোগাযোগ দক্ষতা, শহরের অবস্থান, কাজের অভিজ্ঞতা, জীবনবৃত্তান্ত, সাক্ষাৎকার দক্ষতা এবং পরিচিতজনের নেটওয়ার্ক—সবকিছুই কাজ পাওয়ার সম্ভাবনায় প্রভাব ফেলে।

পার্টটাইম কাজের অর্থ দিয়ে কিছু খরচ সামলানো সম্ভব হলেও, প্রথম বছর পুরো জীবনযাত্রার ব্যয় বা টিউশন ফি এই আয়ের ওপর নির্ভর করে পরিকল্পনা করা ঝুঁকিপূর্ণ। পড়াশোনা, ভালো ফলাফল এবং দক্ষতা অর্জনকে অগ্রাধিকার দিতে হবে।

পড়াশোনা শেষে বেতন কেমন হতে পারে—

ডিগ্রি শেষ করলেই সবার একই বেতন হবে না। বিষয়, ডিগ্রির স্তর, কর্মক্ষেত্র, শহর, ইংরেজি বা ফরাসি ভাষা দক্ষতা, ইন্টার্নশিপ, পেশাগত লাইসেন্স এবং কানাডার কাজের অভিজ্ঞতা—এসবের ওপর প্রথম চাকরির বেতন নির্ভর করে।

স্ট্যাটিসটিকস কানাডার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পূর্ণকালীন চাকরিতে থাকা আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের মধ্যে স্নাতক ডিগ্রিধারীদের মধ্যম বার্ষিক কর্মসংস্থান আয় ছিল ৫২ হাজার কানাডিয়ান ডলার। যা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৭০ হাজার কানাডিয়ান ডলার। এটি কোনো নিশ্চিত বেতনের প্রতিশ্রুতি নয়, বরং কর্মরত আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের আয়ের একটি সামগ্রিক চিত্র।

ক্যারিয়ার শুরুর সময় শুধু বেতন নয়, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। তাই পড়াশোনার পাশাপাশি পার্টটাইম, ইন্টার্নশিপ, স্বেচ্ছাসেবী কাজ, ক্যাম্পাস প্রজেক্ট এবং পেশাগত নেটওয়ার্কিংয়ে যুক্ত থাকলে চাকরির বাজারে এগিয়ে থাকা যায়। অনেক ক্ষেত্রে প্রথম চাকরি স্বপ্নের চাকরি নাও হতে পারে কিন্তু সেটি পরের সুযোগের ভিত্তি তৈরি করে।

পিআর: সম্ভাবনা আছে, নিশ্চয়তা নয়—

কানাডায় পড়তে যাওয়া মানেই পিআর নিশ্চিত—এটি ভুল ধারণা। সাধারণত শিক্ষার্থীরা উপযুক্ত প্রোগ্রাম শেষ করে পিজিডব্লিউপির জন্য আবেদন করেন, এরপর কানাডার কাজের অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেন। পরবর্তী সময়ে ভাষা দক্ষতা, বয়স, শিক্ষা, দক্ষ পেশায় কাজের অভিজ্ঞতা এবং প্রদেশভিত্তিক অভিবাসন কর্মসূচির যোগ্যতার ভিত্তিতে স্থায়ী বসবাসের পথ তৈরি হতে পারে।

অভিবাসন নীতি ও শ্রমবাজার পরিবর্তিত হয়। তাই শুধু পিআরের আশায় কোনো প্রোগ্রামে ভর্তি না হয়ে এমন বিষয় বেছে নেওয়া উচিত, যা দেশে বা বিদেশে—দুই জায়গাতেই কর্মজীবনে মূল্য যোগ করবে।

যাওয়ার আগে প্রস্তুতি—

কানাডায় যাওয়ার জন্য আগ্রহী শিক্ষার্থীদের প্রস্তুতি অন্তত এক বছর আগে শুরু করা ভালো। ভাষা পরীক্ষার প্রস্তুতি, শিক্ষাগত নথি, পাসপোর্ট, আর্থিক পরিকল্পনা, বিশ্ববিদ্যালয় আবেদন, এসওপি এবং ভিসার কাগজপত্র—সবকিছু সময় নিয়ে প্রস্তুত করলে ভুলের সংখ্যা কম হয়। আর কানাডায় শিক্ষাজীবনের সবচেয়ে ভালো আর্থিক কৌশল হলো, প্রথম বছরের ব্যয় নিজস্ব বা পারিবারিক বৈধ অর্থে বহনের প্রস্তুতি রাখা।

লেখা: নাজমুল হাসান রাজু, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিএইচএস এডুকেশন লিমিটেড