নূরুল আলমই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মো. নূরুল আলম
ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক মো. নূরুল আলমই উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি সম্প্রতি উপাচার্য প্যানেল নির্বাচনে দ্বিতীয় হয়েছেন।

নূরুল আলমের এ নিয়োগের বিষয়টি আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। পদার্থবিজ্ঞানের এই অধ্যাপক সম্প্রতি শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে স্বাভাবিক অবসরে যান।

উপাচার্য হিসেবে নূরুল আলমের মেয়াদ হবে আগামী চার বছর। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে তিনি অবসরের আগের পদের সমপরিমাণ বেতন–ভাতা পাবেন। এ ছাড়া এ পদের জন্য তিনি অন্যান্য সুযোগ–সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে হবে।

এর আগে গত ১৭ এপ্রিল নূরুল আলমকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সাময়িক দায়িত্ব দিয়েছিল সরকার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নূরুল আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়–সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় বিশ্বমানের করে গড়ে তুলতে চাই। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, নূরুল আলম ১৯৫৭ সালের ১ জানুয়ারি ঢাকার ধামরাইয়ের জলসা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কুশুরা আব্বাস আলী উচ্চবিদ্যালয়, মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। নূরুল আলম ১৯৮২ সালের এপ্রিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। পরে পর্যায়ক্রমে তিনি পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হল প্রভোস্ট, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন, অর্থ কমিটি, সিনেট এবং সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

নূরুল আলম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালে নূরুল আলম বিশ্ববিদ্যালয়টির সহ–উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পান। ২০২২ সালের ১ মার্চ তৎকালীন উপাচার্য ফারজানা ইসলামের মেয়াদ পূর্ণ হলে ২ মার্চ থেকে নূরুল আলম উপাচার্যের রুটিন দায়িত্ব পান। ১৭ এপ্রিল তাঁকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়।