অর্জিত শিক্ষা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে

বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতি এ কথা বলেন।

আইইউবির সমাবর্তনে কৃতী শিক্ষার্থীদের পদক প্রদান করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকার পূর্বাচলে বাংলাদেশ–চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রেছবি: পিআইডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাঁদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, তাঁদের গুরুত্ব দিতে হবে।

গতকাল মঙ্গলবার সকালে ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি।

রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন হলো নতুন দায়িত্ব গ্রহণের এবং অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার। মনে রাখতে হবে, সনদ অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকের এই সমাবর্তন শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি তাঁদের নতুন দায়িত্বও অর্পণ করছে। কেবল সনদসর্বস্ব জ্ঞান দিয়ে ব্যক্তি বা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অন্তর্গত প্রেরণা, সুগভীর দেশপ্রেম এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ।

রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষার সাফল্য শুধু বিশ্ববিদ্যালয় কিংবা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এমন এক সময়ে বাস করছি, যখন বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনযাত্রা, অর্থনীতি ও কর্মসংস্থানের প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জীবপ্রযুক্তি, রোবোটিকসসহ উদীয়মান প্রযুক্তি কর্মজগতের ধরন পরিবর্তন করছে। আজ যে জ্ঞান ও দক্ষতা দিয়ে আমরা কাজ করছি, আগামী কয়েক বছরে সেই কাজের জন্য হয়তো সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হবে।’

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির নৈতিক ব্যবহার ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মনে রাখতে হবে, প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না। এ সময় তিনি শিক্ষার্থীদের জীবনের প্রতিটি পর্যায়ে সততা ও ন্যায় অবলম্বনের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বহুশিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। তবে এই অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। নিজের শিকড়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থেকে বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতাকে গ্রহণ করতে হবে।’

বক্তব্যের আগে রাষ্ট্রপতি আচার্যের পদক পাওয়া তিনজন শিক্ষার্থীসহ কৃতিত্বের সঙ্গে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন। স্বাগত বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক আইনুন নিশাত। আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমদ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার হোসেন প্রমুখ।