আবারও সবুজ ক্যাম্পাসের স্বীকৃতি পেল আইইউবিএটি

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)ছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সবুজ ক্যাম্পাসের স্বীকৃতি পেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। এ নিয়ে চারবার বিশ্ববিদ্যালয়টি এই স্বীকৃতি পেল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং ২০২২’ অনুযায়ী বাংলাদেশে বিশ্ববিদ্যালয়টির অবস্থান দ্বিতীয়। আর বিশ্বের ৮৫টি দেশের ১ হাজার ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এর অবস্থান ২৫৪ তম।

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটাজ ইন্দোনেশিয়া (ইউআই) ’ প্রতিবছরই বিশ্বের পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাসের তালিকা প্রকাশ করে থাকে। এ বছরের তালিকা গত ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

মোট ছয়টি মানদণ্ডের ভিত্তিতে এই সবুজ র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। মানদণ্ডগুলো হলো অবকাঠামো (১৫ শতাংশ), শক্তি ও জলবায়ু পরিবর্তন (২১ শতাংশ) আবর্জনা (১৮ শতাংশ), পানি (১০ শতাংশ), পরিবহন (১৮ শতাংশ) এবং শিক্ষা-গবেষণা (১৮ শতাংশ)।

গতবারের মতো এবারও বিশ্বের মধ্যে সবুজ ক্যাম্পাস হিসেবে প্রথম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব নটিংহাম।