‘ইওর ওয়ার্ল্ড’ ভিডিও প্রতিযোগিতায় সেরা স্কলাস্টিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বিজ্ঞপ্তি

ব্রিটিশ কাউন্সিলের ‘ইওর ওয়ার্ল্ড’ ভিডিও প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছে রাজধানীর স্কলাস্টিকা স্কুল। সিডনি ইন্টারন্যাশনাল স্কুল ও দ্য রেডিয়াস ইন্টারন্যাশনাল স্কুল যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে এ প্রতিযোগিতায়। আর ইয়েল ইন্টারন্যাশনাল স্কুল তৃতীয় হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের ‘ইওর ওয়ার্ল্ড’ ভিডিও প্রতিযোগিতা ব্রিটিশ কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার (৭ আগস্ট) শেষ হয়েছে।

দুর্দান্ত এক ভিডিও জমা দেওয়ার মাধ্যমে এ বছরের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ভিয়েতনাম থেকে কাউ গিয়াউই মাধ্যমিক স্কুল। বিজয়ী ভিডিওতে ‘সুস্বাস্থ্য ও কল্যাণ’ প্রতিপাদ্যে স্কুলের শিক্ষার্থীরা তাদের সোশ্যাল অ্যাকশন প্রকল্প তুলে ধরে। ভিডিওতে সামাজিক সমস্যা চিহ্নিত করা হয় এবং এর সমাধান তুলে ধরে শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় আঞ্চলিক বিজয়ী হয়েছে জোহার টাউন, পাকিস্তানের লাহোর গ্রামার স্কুল। ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলের সঙ্গে প্রতিযোগিতা করে এ স্কুল প্রতিযোগিতায় আঞ্চলিক বিজয়ী ঘোষণা করা হয়।

বৈশ্বিক পর্যায়ে নিজেদের পার্টনার নেটওয়ার্কের স্কুলগুলো নিয়ে অনুষ্ঠিত হয় ব্রিটিশ কাউন্সিলের ফ্ল্যাগশিপ ভিডিও নির্মাণ প্রতিযোগিতা ‘ইওর ওয়ার্ল্ড।’ এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃষ্টিশীলতার মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সমস্যা সমাধান-সংশ্লিষ্ট দক্ষতা ও ডিজিটাল দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। একই সঙ্গে তারা তাদের নিজেদের জীবন, কমিউনিটি ও অভিজ্ঞতা নতুনভাবে আবিষ্কার করে। প্রতিযোগিতাটি ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুল নেটওয়ার্কের স্কুলগুলোর ১৪ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

১৭ বছর ধরে চলা এ প্রতিযোগিতার এবারের (ইওর ওয়ার্ল্ড ২০২২-২৩) প্রতিপাদ্য, ‘গুড হেলথ অ্যান্ড ওয়েল-বিইং,’ যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৩ নম্বর লক্ষ্যের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। শিক্ষার্থীরা স্কুলে তাদের অধ্যয়ন করা বিষয় যেমন বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও গ্লোবাল স্টাডিজ থেকে প্রাপ্ত ধারণা ও জ্ঞান নিয়ে দুর্দান্ত সব ভিডিও তৈরি করে। এসব ভিডিওতে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার ইতিবাচক ব্যবহারের মাধ্যমে নিজেদের কমিউনিটির বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান করার জন্য সহযোগিতামূলক উপায়ে কাজ করার সক্ষমতা ও দক্ষতা প্রদর্শন করে। এ বছর প্রতিযোগিতায় জমা পড়ে ৭৫০টির বেশি ভিডিও এবং প্রতিযোগিতায় ব্রিটিশ কাউন্সিল নেটওয়ার্কের স্কুলগুলো থেকে সাড়ে ৩ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।  

স্কলাস্টিকা স্কুলের গ্রেড-১২-এর শিক্ষার্থী বিজয়ী দলের সদস্য উত্সব সরকার বলেন, ‘এ ভিডিও নিয়ে কাজ করার মাধ্যমে আমরা একবিংশ শতাব্দীর দক্ষতা, যেমন সহযোগিতা, দলগত কাজের দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা, সৃজনশীলতা ও ডিজিটাল সাক্ষরতা সম্পর্কে জানতে পেরেছি; এর বাইরেও আমরা কঠোর পরিশ্রম করা এবং এর পাশাপাশি অধ্যবসায় ও সহিষ্ণুতা অর্জন নিয়ে শিখতে পেরেছি।’

বিজ্ঞপ্তি

প্রতিযোগিতায় অংশগ্রহণের ইতিবাচক দিক সম্পর্কে বলতে গিয়ে স্কলাস্টিকা স্কুলের গ্রেড-টেনের একাডেমিক প্রোগ্রাম ম্যানেজার ফিদিয়া কামাল বলেন, ‘অন্য পার্টনার স্কুলগুলোকে আমি এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উৎসাহ জানাই।

কেবল পুরস্কার অর্জন করাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মূল কারণ নয়; বরং শিক্ষার্থীদের মেধা প্রদর্শনের মাধ্যমে তাদের সৃজনশীল দক্ষতাগুলো আরও শাণিত করা, আমাদের সামনে থাকা জলবায়ু বিপর্যয় বিষয়ে সম্ভাব্য সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে বিশ্বের বাকিদের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধের প্রচেষ্টায় জয়ী হওয়াই এ প্রতিযোগিতার উদ্দেশ্য।’

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর টম মিসিওসিয়া বলেন, এ লেভেল, ও লেভেল ও আইজিসিইর প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলগুলো কেবল বিশ্বমানের শিক্ষাই নিশ্চিত করে না, পাশাপাশি পাঠ্যক্রম-বহির্ভূত কার্যক্রম (এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিজ) ও ‘ইওর ওয়ার্ল্ড’ ভিডিও প্রতিযোগিতার মতো যৌথ ক্লাসরুম প্রকল্পের মাধ্যমে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সমাধান খুঁজে পেতে বৈশ্বিকভাবে বাকিদের সঙ্গে সংযুক্ত হওয়া ও দায়িত্বশীল বিশ্বনাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ প্রদান করে।