বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুকদের জন্য ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ থাকছে পিএফইসি গ্লোবাল
বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা থাকে অনেক শিক্ষার্থীর। কেউ চান পছন্দের বিষয়ে পড়তে, কেউ খুঁজছেন স্কলারশিপের সুযোগ, আবার কেউ জানতে চান নিজের ফলাফল ও যোগ্যতা অনুযায়ী কোন দেশ বা বিশ্ববিদ্যালয় তাঁর জন্য উপযুক্ত। কিন্তু বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে ভর্তি, আবেদন ও ভিসার প্রস্তুতি—পুরো প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় অনেকেই বুঝে উঠতে পারেন না কোথা থেকে শুরু করবেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের এসব প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ তৈরি করছে ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো আয়োজিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার’। এবারের আয়োজনে অংশ নিচ্ছে আন্তর্জাতিক শিক্ষাপরামর্শক প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল (PFEC Global)।
১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই ফেয়ার। পাশাপাশি ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে চলবে অনলাইন আয়োজন।
মেলায় পিএফইসি গ্লোবালের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে পারবেন। নিজের একাডেমিক ফলাফল, পছন্দের বিষয়, আর্থিক সামর্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় নিয়ে কোন দেশ বা বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যেতে পারে, সে বিষয়ে পরামর্শ নেওয়ার সুযোগ থাকবে। ভর্তির যোগ্যতা, স্কলারশিপের সম্ভাবনা, আবেদনপ্রক্রিয়া এবং ভিসার প্রস্তুতি নিয়েও আলোচনা করতে পারবেন তাঁরা।
২০ বছরের বেশি অভিজ্ঞতা পিএফইসি গ্লোবালের
বিদেশে উচ্চশিক্ষার পরামর্শ দেওয়ার ক্ষেত্রে পিএফইসি গ্লোবালের রয়েছে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২২ হাজারের বেশি শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে সহায়তা করেছে তারা। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ৫৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে প্রতিষ্ঠানটির অংশীদারত্ব।
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে পরামর্শ দিয়ে থাকে পিএফইসি গ্লোবাল। প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে ভর্তি পরামর্শ, বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদনপ্রক্রিয়ায় সহায়তা, ভিসা নির্দেশনা এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি-সংক্রান্ত দিকনির্দেশনা।
কোন দেশ আপনার জন্য উপযুক্ত
বিদেশে পড়াশোনার জন্য দেশ নির্বাচন করার সময় শুধু বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বা পরিচিতির দিকে নজর দিলেই হয় না। পছন্দের বিষয়ে পড়ার সুযোগ, ভর্তির শর্ত, টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, স্কলারশিপ এবং পড়াশোনা শেষে সম্ভাব্য ক্যারিয়ারের পথও বিবেচনায় নিতে হয়। একই সঙ্গে শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা ও ইংরেজি ভাষাদক্ষতার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
কোনো শিক্ষার্থীর জন্য যে বিশ্ববিদ্যালয় উপযুক্ত, অন্য কারও জন্য সেটি একইভাবে উপযোগী না–ও হতে পারে। তাই বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার সময় নিজের লক্ষ্য ও সামর্থ্য অনুযায়ী বিকল্পগুলো যাচাই করা প্রয়োজন। অভিজ্ঞ শিক্ষা-পরামর্শকের সঙ্গে আলোচনা করলে সম্ভাব্য সুযোগগুলো সম্পর্কে ধারণা পাওয়া এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করা সহজ হতে পারে।
এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও বিভিন্ন বিষয়ে জানার প্রয়োজন রয়েছে। বিদেশে পড়াশোনার ব্যয়, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের সময়সীমা এবং ভিসার শর্ত সম্পর্কে আগে থেকে পরিষ্কার ধারণা থাকলে পরিকল্পনা করা সহজ হয়। বিশেষ করে পরিবারের আর্থিক প্রস্তুতি ও শিক্ষার্থীর দীর্ঘমেয়াদি লক্ষ্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
সরাসরি ও অনলাইনে অংশ নেওয়ার সুযোগ
এবারের স্টাডি অ্যাব্রোড ফেয়ারে সরাসরি উপস্থিত হয়ে পরামর্শ নেওয়ার পাশাপাশি অনলাইনেও তথ্য জানার সুযোগ থাকছে। ফলে ঢাকার বাইরে থাকা কিংবা সরাসরি মেলায় উপস্থিত হতে অসুবিধা হয়—এমন শিক্ষার্থীরাও অনলাইন আয়োজনের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে খোঁজ নিতে পারবেন।
বিদেশে পড়াশোনার পরিকল্পনা যাঁরা শুরু করতে চান, তাঁদের জন্য ফেয়ারটি হতে পারে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, নিজের যোগ্যতা অনুযায়ী সম্ভাবনা যাচাই এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণের একটি সুযোগ। পিএফইসি গ্লোবালের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকেরা নিজেদের প্রশ্নের উত্তর খুঁজতে পারবেন এবং উচ্চশিক্ষার প্রস্তুতি আরও গোছানোভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে ধারণা পাবেন।