জার্মানি থেকে মালয়েশিয়া—কম খরচে পড়াশোনার ১০ দেশ
বিদেশে উচ্চশিক্ষার কথা উঠলেই বড় অঙ্কের টিউশন ফি ও জীবনযাত্রার খরচের বিষয়টি সামনে চলে আসে। তবে তুলনামূলক কম খরচে বিদেশে পড়ার সুযোগ রয়েছে বেশ কিছু দেশে।
শিক্ষাবিষয়ক ওয়েবসাইট অপরচুনিটিজ সার্কেল এক প্রতিবেদনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালে তুলনামূলক সাশ্রয়ী ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে। টিউশন ফি ছাড়াও বাসস্থান, খাবার, যাতায়াত, বিমাসহ মোট বার্ষিক খরচ বিবেচনা করা হয়েছে।
১. জার্মানি
জার্মানিতে অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হয় না। তবে প্রতি সেমিস্টারে কয়েক শ ইউরোর মতো প্রশাসনিক ও অন্যান্য ফি দিতে হয়। জার্মানিতে মাসে জীবনযাত্রার খরচ ৮৫০ থেকে ১ হাজার ১০০ ইউরো।
২. পোল্যান্ড
ইংরেজি মাধ্যমে পড়ানো কোর্সে বছরে ১ হাজার থেকে ৪ হাজার ইউরো টিউশন ফি লাগতে পারে। পোলিশ ভাষার কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতে পড়ার সুযোগও রয়েছে। বাসস্থান ছাড়া মাসিক জীবনযাত্রার খরচ ৪০০ থেকে ৬০০ ডলার।
৩. নরওয়ে
নরওয়ের সরকারি বিশ্ববিদ্যালয়েও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি নেই। তবে জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি। অসলোতে শেয়ার করা বাসায় একটি কক্ষের ভাড়া মাসে ৭০০ থেকে ৯০০ ইউরো হতে পারে। শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্তে সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন।
৪. হাঙ্গেরি
হাঙ্গেরিতে বিষয় ও বৃত্তির ওপর নির্ভর করে বছরে টিউশন ফি শূন্য থেকে প্রায় ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে। মাসিক জীবনযাত্রার খরচ ৭০০ থেকে ৯০০ ইউরো। দেশটির Stipendium Hungaricum বৃত্তিতে টিউশন ফি, আবাসন ও মাসিক ভাতার সুবিধা পাওয়া যায়।
৫. চেক প্রজাতন্ত্র
চেক ভাষায় পড়লে সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়াই পড়ার সুযোগ রয়েছে। তবে ইংরেজি মাধ্যমে পড়ানো কোর্সে বছরে ৩ হাজার থেকে ৫ হাজার ইউরো লাগতে পারে। প্রাগে মাসিক জীবনযাত্রার খরচ ৫০০ থেকে ৭০০ ইউরো। শিক্ষার্থীদের জন্য আবাসিক হলে মাসে ১০০ থেকে ২০০ ইউরোর মধ্যেও থাকার সুযোগ রয়েছে।
৬. মালয়েশিয়া
এশিয়ার মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম সাশ্রয়ী গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস রয়েছে। বছরে টিউশন ফি ৭ হাজার থেকে ১২ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, যা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ ডলারের সমান। মাসিক জীবনযাত্রার খরচ ৩৩০ থেকে ৬৬০ ডলার।
বিদেশে উচ্চশিক্ষার জন্য সাশ্রয়ী ১০ দেশের মধ্যে আছে জার্মানি, পোল্যান্ড, নরওয়সহ কয়েকটি দেশ। দেশগুলোয় টিউশন ফি কম এবং জীবনযাত্রার খরচ বেশি নয়।
৭. ভারত
কম খরচে মানসম্মত উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারতও গুরুত্বপূর্ণ গন্তব্য। শহর ও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে খরচে বড় পার্থক্য রয়েছে। মাসিক জীবনযাত্রার ব্যয় ১০ হাজার থেকে ২০ হাজার ভারতীয় রুপি হতে পারে। বড় শহরের তুলনায় ছোট শহরে থাকা-খাওয়ার খরচ কম।
৮. অস্ট্রিয়া
দেশটির অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় ৭২৬ ইউরো টিউশন ফি রয়েছে। কিছু নির্দিষ্ট প্রোগ্রামে ফি আরও বেশি হতে পারে। ভিয়েনায় খরচ তুলনামূলক বেশি হলেও গ্রাৎস ও ইনসব্রুকে তা কিছুটা কম।
৯. তাইওয়ান
তুলনামূলক কম টিউশন ফি, সরকারি সহায়তা ও বৃত্তির সুযোগের কারণে তাইওয়ানও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয়। সরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ ডলার টিউশন ফি লাগতে পারে। রাজধানী তাইপেতে জীবনযাত্রার খরচ দেশের অন্যান্য শহরের তুলনায় বেশি।
১০. মেক্সিকো
যুক্তরাষ্ট্র বা কানাডার তুলনায় মেক্সিকোতে খরচ বেশ কম। দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক প্রোগ্রামে টিউশন ফি তুলনামূলক কম। আবার কিছু প্রতিষ্ঠানে বিনা টিউশন ফিতেও পড়ার সুযোগ রয়েছে। জীবনযাত্রার খরচও তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে তুলনামূলক কম।