অক্সফোর্ডের লিনাক্রে কলেজ থেকে মালালার সম্মানসূচক ফেলোশিপ অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
ছবি: মালালা ফান্ড

অক্সফোর্ড ইউনিভার্সিটির লিনাক্রে কলেজের পক্ষ থেকে সম্মানসূচক ফেলোশিপ দেওয়া হলো পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে। ১৮ এপ্রিল তাঁকে এ ফেলোশিপ প্রদান করা হয়। তিনি প্রথম পাকিস্তানি হিসেবে এ ফেলোশিপ পেলেন। অক্সফোর্ড পাকিস্তান প্রোগ্রামের (ওপিপি) পক্ষ থেকে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়।

অক্সফোর্ডের এ ফেলোশিপ পাওয়ার মধ্য দিয়ে নোবেল পুরস্কার বিজয়ী স্যার পল নার্স ও দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের জাতীয় পরিষদের প্রথম স্পিকার  ফ্রেন গিনওয়ালাসহ বিখ্যাত ব্যক্তিদের তালিকায় ঢুকে গেলেন মালালা ফান্ডের সহপ্রতিষ্ঠাতা মালালা ইউসুফজাই।

ফেলোশিপ দেওয়ার অনুষ্ঠানে ২৫ বছর বয়সী মালালা লিনাক্রে কলেজের তাঁর বন্ধুদের সঙ্গে স্মরণীয় সময় কাটানোর বিষয়টি তুলে ধরেন। এ ছাড়া তিনি অক্সফোর্ড পাকিস্তান প্রোগ্রামের প্রশংসা করেন।

কলেজের প্রিন্সিপাল নিক ব্রাউন শিক্ষার প্রতি মালালার অটল অঙ্গীকারের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি বলেন, মালালা নারীশিক্ষার সমর্থনে তাঁর অসাধারণ কাজের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত।  যাঁরা ন্যূনতম সুবিধাপ্রাপ্ত এলাকা থেকে উঠে আসে তাদের জন্য মালালার প্রচেষ্টা স্বীকৃত।

ব্রাউন আরও বলেন, ‘মালালাকে ফেলোশিপ দিতে পেরে আমরা গর্বিত। কারণ মালালা যে বিষয়ে কাজ করছেন, কলেজটির পক্ষ থেকে একই বিষয়ে সমর্থন দেওয়া হয়ে থাকে।’ অনুষ্ঠানে উপস্থিত মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইও মেয়ের কৃতিত্বে আনন্দ প্রকাশ করেন।