ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির নতুন ট্রেজারার কাদের নেওয়াজ
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় ১০ সেপ্টেম্বর এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩৩ (১) অনুযায়ী অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো।
অধ্যাপক কাদের নেওয়াজ সিরাজগঞ্জের কাজীপুরে সিংড়াবাড়ি গ্রামে ১৯৫৬ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জমসের আলী মিয়া ও মাতা সালেহা আলী। তিনি রাজশাহী বোর্ড থেকে ১৯৭২ সালে এসএসসি ও ১৯৭৪ সালে এইচএসসি পাস করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তী সময়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিগত কয়েক দশক শিক্ষকতা, গবেষণা ও সামাজিক উন্নয়নে অবদান রেখে আসছেন।