সম্মানসূচক ডি–লিট উপাধি পেলেন ইউসুফ আবদুল্লাহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ও নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহকে সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডি–লিট) উপাধিতে ভূষিত করেছে পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষা, বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে এই সম্মানসূচক উপাধি দেওয়া হয়।
বৃহস্পতিবার টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভারতের পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারজয়ী এন আর নারায়ণ মূর্তি এই সম্মাননা প্রদান করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতার বিশ্ববাংলা মিলনায়তনে ভারতের বৃহত্তম কোম্পানি টাটা সন্স-এর প্রতিষ্ঠাতা রতন টাটা ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এই সম্মাননা গ্রহণ করেন ইউসুফ আবদুল্লাহ।
অনুষ্ঠানে আবু ইউসুফ মো. আবদুল্লাহ কলকাতাকে বাঙালির প্রাণের শহর বলে উল্লেখ করেন। তিনি বাঙালি জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিগুলোর একটি হিসেবে তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি দুই বাংলার মধ্যে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, বাণিজ্যের সুসম্পর্ক ও সম্প্রীতি রক্ষায় দৃঢ় থাকার আহ্বান জানান।