নিয়ম ভঙ্গ করে ইন্টার্নশিপ, মিলবে না বিএমডিসির পূর্ণ রেজিস্ট্রেশন

চিকিৎসক
প্রতীকী ছবি

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট ও ইনস্টিটিউটে নিয়ম না মেনে আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন করলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ওই চিকিৎসককে পূর্ণ রেজিস্ট্রেশন প্রদান করবে না।

বিএমডিসির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএস কোর্সে চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীদের বিএমডিসি থেকে সাময়িক রেজিস্ট্রেশন সনদ গ্রহণ করে আবাসিক প্রশিক্ষণ শুরু করতে হবে। এর আগেও নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল।

আরও পড়ুন

নোটিশে আরও বলা হয়েছে, আবাসিক প্রশিক্ষণ শুরুর তারিখ থেকে সাময়িক রেজিস্ট্রেশন সনদের মেয়াদ এক বছর। কোনো শিক্ষার্থী যদি সুনির্দিষ্ট কারণে সঠিক সময়ের মধ্যে আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন করতে ব্যর্থ হন, তাহলে সাময়িক রেজিস্ট্রেশন সনদের মেয়াদ বৃদ্ধি করে আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

সাময়িক রেজিস্ট্রেশন সনদের মেয়াদ বৃদ্ধি না করে কোনো শিক্ষার্থী যেন আবাসিক প্রশিক্ষণে পুনরায় যোগদান করতে না পারেন, সে বিষয়টি হাসপাতাল পরিচালক নিশ্চিত করবেন। অন্যথায় কাউন্সিল থেকে পূর্ণ রেজিস্ট্রেশন প্রদান করা হবে না বলেও নোটিশে উল্লেখ করা হয়।

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট ও ইনস্টিটিউটগুলোর অধ্যক্ষ ও পরিচালক বরাবর এ নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন