বিদেশে উচ্চশিক্ষা: যে ৮ কারণে স্টুডেন্ট ভিসা আবেদন বাতিল হতে পারে
প্রতিবছর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও ভিসা আবেদন বাতিল হয়। এ কারণে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারেন না অনেকেই। প্রয়োজনীয় শর্ত পূরণ না করা বা আবেদনপত্রে বিভিন্ন ধরনের ভুলের কারণে অনেক আবেদনই প্রত্যাখ্যাত হয়।
বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ক্ষেত্রেই কিছু সাধারণ ভুলের কারণে ভিসা আবেদন বাতিল হয়, যা আগে থেকেই সতর্ক থাকলে সহজেই এড়ানো সম্ভব।
যেসব কারণে স্টুডেন্ট ভিসা আবেদন বাতিল হতে পারে—
১. অসম্পূর্ণ বা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়া: প্রয়োজনীয় নথি অনুপস্থিত থাকলে বা অসম্পূর্ণ থাকলে আবেদন বাতিল হতে পারে।
২. আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া: ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য তথ্য ভুলভাবে উল্লেখ করলে তা ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।
৩. যথেষ্ট আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে না পারা: টিউশন ফি ও বিদেশে বসবাসের খরচ বহনের মতো পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে না পারলে আবেদন নাকচ হতে পারে।
৪. ভিসা সাক্ষাৎকারে সন্তোষজনক পারফরম্যান্স না করা: সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের অভাব, অসংগতিপূর্ণ উত্তর বা পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরতে না পারাও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
৫. দুর্বল একাডেমিক ফলাফল: কিছু দেশে শিক্ষার্থীর পূর্ববর্তী একাডেমিক ফলাফল ভিসা মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্ব পায়।
৬. শিক্ষা বা চাকরিজীবনে দীর্ঘ বিরতির গ্রহণযোগ্য ব্যাখ্যা না থাকা: শিক্ষা বা কর্মজীবনের বিরতি থাকলে তার যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে আবেদন ঝুঁকিতে পড়তে পারে।
৭. অসংগতিপূর্ণ কোর্স নির্বাচন: নিজের একাডেমিক বা পেশাগত পটভূমির সঙ্গে সম্পর্কহীন কোর্স বেছে নিলে ভিসা কর্মকর্তার কাছে আবেদনটি প্রশ্নবিদ্ধ হতে পারে।
৮. ভাষাগত দক্ষতার শর্ত পূরণে ব্যর্থ হওয়া: গন্তব্য দেশের নির্ধারিত ভাষা দক্ষতার পরীক্ষায় (যেমন আইইএলটিএস, টোয়েফল বা সমমানের পরীক্ষা) প্রয়োজনীয় স্কোর অর্জন করতে না পারলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।
বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার আগে প্রয়োজনীয় নথিপত্র যাচাই, সঠিক তথ্য প্রদান, আর্থিক সক্ষমতার প্রমাণ প্রস্তুত রাখা এবং সাক্ষাৎকারের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।