চট্টগ্রামে শিক্ষা মেলায় এক ছাদের নিচে যুক্তরাষ্ট্রের ১০ বিশ্ববিদ্যালয়ের তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত শিক্ষা মেলায় বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের আনাগোনা
ছবি: জুয়েল শীল

রিংকি মারমা, পপি চাকমা ও মালতি চাকমা—তিন বন্ধু পড়েন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। স্নাতক শেষ করে তাঁরা স্নাতকোত্তর ডিগ্রি নিতে চান যুক্তরাষ্ট্রের ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে। সে লক্ষ্যেই এখন কাজ করছেন। একসঙ্গে ইংরেজি শিখছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করছেন।

আজ রোববার বিকেলে এই শিক্ষার্থীরা এসেছিলেন চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু বে ভিউতে। সেখানে যুক্তরাষ্ট্রের ১০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় তথ্য সাজিয়ে মেলার আয়োজন করেছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস। আয়োজনে সহযোগিতা করেছে এডুকেশনইউএসএ প্ল্যাটফর্ম ও এডপ্রোগ্রাম।

বেলা আড়াইটায় মেলা শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে প্রথমবারের মতো চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন করা হয়েছে। এ কারণে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাসের কমতি ছিল না। বান্দরবান ছাড়াও রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলার অন্তত এক হাজার শিক্ষার্থী এতে অংশ নেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের স্টলগুলোতে গিয়ে ভর্তির নানা তথ্য সংগ্রহ করেন। কীভাবে আবেদন করতে হবে, আবেদনের যোগ্যতা কী, স্নাতকে ফলাফল কী লাগবে, গবেষণা প্রবন্ধ লাগবে কি না, এসব প্রশ্নের উত্তর দেন বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা।

শিক্ষা মেলায় যুক্তরাষ্ট্রের মোট ১০টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। এগুলো হলো ইউনিভার্সিটি অব সাউথ ডাকোটা, ইউনিভার্সিটি অব অ্যারিজোনা, ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আরলিংটন, ইউনিভার্সিটি অব ডেলাওয়ার, কুইনিপিয়াক ইউনিভার্সিটি, এম্ব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, কলোরাডো স্টেট ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, ট্রাইন ইউনিভার্সিটি ও ওয়েস্টার্ন কেনটাকি ইউনিভার্সিটি।

উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স কর্মকর্তা শার্লিনা হুসাইন-মর্গান বলেন, চট্টগ্রামে প্রথমবারের মতো এত বড় একটা আয়োজন হলো। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার স্বপ্ন চট্টগ্রামের অনেক শিক্ষার্থীর। এ কারণে বান্দরবান, রাঙামাটিসহ নানা এলাকা থেকে শিক্ষার্থীরা দল বেঁধে এসেছেন। এই মেলায় যুক্তরাষ্ট্রের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো অংশ নিয়েছে।

মেলায় কথা হয় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উয়ই সিং মারমার সঙ্গে। তিনি বলেন, ইন্টারনেটে অনেক তথ্যই গোছানোভাবে পাওয়া যায় না। কিন্তু মেলায় নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ সম্পর্কে তথ্য দিয়েছেন সেসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে।  

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরপি বড়ুয়া এসেছিলেন তাঁর সন্তান সৌমিক বড়ুয়াকে নিয়ে। সৌমিক বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। জিআরই পরীক্ষার জন্য পড়াশোনা করছেন। সুযোগ পেলে তিনি সেখানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করতে চান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিজোয়ান আইন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিতে চান। তাঁর সঙ্গে কথা হয় অ্যারিজোনা ইউনিভার্সিটির স্টলে। রিজোয়ান বলেন, ‘অ্যারিজোনা ইউনিভার্সিটি বিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ের একটি। সেখানে আইন নিয়ে পড়তে চাই। ইন্টারনেটে ঘেঁটে নানা তথ্য জোগাড় করেছি। তবে মেলায় এসে অনেকগুলো প্রশ্নের উত্তর সহজে পাওয়া গেছে। কীভাবে, কখন আবেদন করতে হবে, আবেদনের শর্ত কী কী, কত টাকা খরচ হবে—এসব তথ্য জানতে পেরেছি।’  

আয়োজকেরা জানান, গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা তিন গুণের বেশি বেড়েছে। ২০১১-২০১২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন ৩ হাজার ৩১৪ জন। সেখান থেকে বেড়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৯৭ জনে। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান বিগত শিক্ষাবর্ষে ১৪তম ছিল। এখন এক ধাপ এগিয়ে ১৩তম হয়েছে।