বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যার কেন্দ্রে ‘অনুগত’ উপাচার্যরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয় কনভেনশন, ২০২৩’ এ উচ্চশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা বক্তব্য দেন।

ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন নেই। কিছু বিশ্ববিদ্যালয়ের আইনে স্বায়ত্তশাসনের কথা থাকলেও সেখানে ‘আয়ত্ত শাসনের’ ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সংকটের কেন্দ্রে রয়েছে অনুগত ব্যক্তিদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার প্রবণতা।

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘পাবলিক বিশ্ববিদ্যালয় কনভেনশন, ২০২৩’–এ উচ্চশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা এসব কথা বলেন।

‘উচ্চশিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সংকোচন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বানে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কৌশলপত্র বাতিল ও বিশ্ববিদ্যালয়গুলোয় “গেস্টরুম নির্যাতন” ও গণরুম নিষিদ্ধ করা’সহ ছয় দফা দাবিতে এই কনভেনশনের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী)।

আরও পড়ুন
লেখক ও গবেষক মাহা মির্জা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শুধু ব্যবসায়িক চিন্তা প্রতিফলিত হচ্ছে। নাগরিক, মানুষ কিংবা পরিবেশের বদলে বিনিয়োগকারীর জায়গা থেকে সবকিছু দেখা হচ্ছে। এ অবস্থা থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে রক্ষা করতে হবে।

কনভেনশন উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, উপাচার্য নিয়োগ, বরাদ্দ—এগুলো এখন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান সমস্যা।

ইউজিসির কৌশলপত্রের সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, এটি প্রকৃতপক্ষে বিশ্বব্যাংকের কৌশলপত্র। এই কৌশলপত্র বিশ্ববিদ্যালয়গুলোকে কোথায় নিয়ে যাচ্ছে, সে সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের অনেকের ধারণাই নেই।

আনু মুহাম্মদ বলেন, দেশে শিক্ষায় বরাদ্দ পরিমাণগতভাবে কম। আর গুণগতভাবে এর বাস্তব অবস্থা আরও খারাপ। দুর্নীতি-স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, ছাত্র হলগুলোতে দাপট সব বিশ্ববিদ্যালয়েই চলছে। এগুলো থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করার জন্য সবার অংশগ্রহণে আইন ও বিধিগত পরিবর্তন দরকার।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে স্বায়ত্তশাসনের কথা থাকলেও ‘আয়ত্ত শাসনের’ ব্যবস্থাও রেখে দেওয়া হয়েছে। দুর্বল ব্যক্তিত্বের ব্যক্তিকেই সরকার উপাচার্য পদে নিয়োগ দেয়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের শিক্ষাকে শাসনকাঠামো থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। সহিংসভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে বদলে দেওয়ার প্রক্রিয়া চলছে।’

লেখক ও গবেষক মাহা মির্জা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শুধু ব্যবসায়িক চিন্তা প্রতিফলিত হচ্ছে। নাগরিক, মানুষ কিংবা পরিবেশের বদলে বিনিয়োগকারীর জায়গা থেকে সবকিছু দেখা হচ্ছে। এ অবস্থা থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে রক্ষা করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সঞ্চালনায় দিনব্যাপী এই কনভেনশনে অন্যদের মধ্যে বক্তব্য দেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর রাজী, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ। কনভেনশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসের সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন।