ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মোহাম্মদ আবু জাফর খান
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির সহ–উপাচার্য মোহাম্মদ আবু জাফর খানকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩–এর ১১ ধারা অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কয়েকটি শর্তে নিয়োগ প্রদান করা হলো। শর্তগুলো হলো—
ক. উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে।
খ. উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতাদি পাবেন।
গ. তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
ঘ. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।
ঙ. রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। এ ছাড়া উচ্চশিক্ষা তদারকির দায়িত্বে থাকা সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে। সচিবালয়ে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে নতুন উপাচার্য ও ইউজিসির চেয়ারম্যান হিসেবে যাঁদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাঁদের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সাতটি বিশ্ববিদ্যালয় ও ইউজিসির চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।