শিক্ষার সবচেয়ে অপরিহার্য বিষয় প্রাথমিক শিক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার সবচেয়ে অপরিহার্য বিষয়। প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে নতুন যোগ দেওয়া প্রধান শিক্ষকেরা অগ্রণী ভূমিকা পালন করবেন। আজ সোমবার ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে (নেপ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন যোগ দেওয়া প্রধান শিক্ষকদের (নন-ক্যাডার) ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।

আরও পড়ুন

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সম্পদ মানুষ। সুশিক্ষিত ও সুস্বাস্থ্যের মানুষ দেশ ও জাতির সম্পদ। দেশকে উন্নত করতে হলে মানুষকে উন্নত করতে হবে। শিক্ষার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের উন্নয়নও করতে হবে। দুটি বিষয়ই সার্বিক উন্নতিতে প্রয়োজন। প্রাথমিক পর্যায়ই একটি শিশুকে শিক্ষা জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করে। সে জায়গাটিতে আমাদের জোর দিতে হবে।’

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, নেপের পরিচালক জিয়া আহমেদ সুমন, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা, কোর্স পরিচালক আবু সালেহ, আহসান ইবনে মাসুদ, প্রশিক্ষণার্থী সুমাইয়া আক্তার ও ছোটন চন্দ্র রায়।

আরও পড়ুন

দেশের ৪৮টি জেলা থেকে ৮০ জন প্রধান শিক্ষক ১৫ দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। কোর্সটি গত ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে ৭ অক্টোবর শেষ হয়। কোর্সে অংশ নেওয়া প্রধান শিক্ষকেরা ৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে নতুন চাকরিতে যোগ দিয়েছেন।

এর আগে উপদেষ্টা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপদেষ্টা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ময়মনসিংহ বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন