প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ থেকে বন্ধছবি: সোয়েল রানা, বগুড়া

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃহস্পতিবার থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। এর মধ্যে দুদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ রয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে ২০২৬ শিক্ষাবর্ষের এই সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান ও ঈদসহ বিভিন্ন ছুটি মিলিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আরও পড়ুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে একই সময়ে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ২৬ দিন ছুটি থাকবে। ২০২৬ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ব্যতীত মোট ৬৭ দিন ছুটি থাকবে। এর মধ্যে রমজান ও ঈদের দীর্ঘ ছুটি ছাড়াও মে মাসে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন এবং ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে আট দিন ছুটি রাখা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত দুই দিনসহ মোট ছুটি কার্যকর হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির তালিকা

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও রমজান ও ঈদ উপলক্ষে একই সময়ে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে।

আরও পড়ুন

পৃথক দুই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। তবে ভর্তি কার্যক্রম বা বিশেষ প্রয়োজনে ছুটির দিনেও বিদ্যালয় খোলা রাখা যেতে পারে। ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও বাংলা নববর্ষের মতো জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় প্রতিটি বিদ্যালয়ে উদ্‌যাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্ন–মাধ্যমিকের সংশোধিত ছুটির তালিকা