ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মামুন আহমেদ

ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মামুন আহমেদছবি: বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মামুন আহমেদ। আজ বুধবার ইউজিসিতে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ নতুন চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৬ মার্চ মামুন আহমেদকে চার বছরের জন্য ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হয়েছে। নিয়োগপত্রের শর্তানুযায়ী তিনি প্রচলিত বিধিমোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।

অধ্যাপক মামুন আহমেদ এত দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি সহ–উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

মামুন আহমেদ ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯১ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৬ সালের ২৮ মার্চ প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৮ সালে তিনি অধ্যাপক হন। তিনি জাপানের নিহন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

আরও পড়ুন

নতুন চেয়ারম্যানের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মো. সাইদুর রহমান, অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব মো. ফখরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন