জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আনিসুর রহমান, ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. মাহমুদ হাসান শাহকে ডরমিটরি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁদের প্রত্যেককে দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সংবিধির ১৫(১) বিধি অনুসারে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক নাছির আহমদকে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগ আজ (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।
অন্যদিকে, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক মো. আনিসুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগও ২৮ অক্টোবর থেকে কার্যকর হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৪(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েলকে দুই বছরের জন্য ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগও আজ ২৮ অক্টোবর থেকে কার্যকর হবে।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক মো. নাছির আহমাদ প্রক্টর হিসেবে নিযুক্ত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ৮(৭) ধারা মোতাবেক এই বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সিন্ডিকেটে রিপোর্ট সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডরমিটরি ভবনের প্রশাসক নিযুক্তির অফিস আদেশ (তারিখ: ২৯/০৪/২০২৫ খ্রি.) বাতিলপূর্বক অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. মাহমুদ হাসান শাহকে পরবর্তী দুই বছরের জন্য শিক্ষকদের ডরমিটরি ভবনের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হলো।
অফিস আদেশে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনের জন্য পাঁচ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।