বিভাগ বা বিষয়ই কি প্রমাণ করে আমি কতটা মেধাবী

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সমাজে ধনী-গরিব, ফরসা-কালোর মতো নানা বিভাজন রয়েছে। দুঃখজনক হলেও সত্য, শিক্ষার ক্ষেত্রেও এমন এক অদৃশ্য বিভাজন তৈরি হয়েছে—বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগকে ঘিরে। প্রচলিত একটি ধারণা হলো, মেধাবী শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে পড়ে, মাঝারি মানের শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে এবং তুলনামূলক দুর্বল শিক্ষার্থীরা মানবিক বিভাগে যায়। কিন্তু একজন শিক্ষার্থী কোন বিভাগ বেছে নেবে, তা কি সত্যিই তার মেধার মাপকাঠি হতে পারে?

নবম শ্রেণিতে আমি ব্যবসায় শিক্ষা বিভাগ বেছে নিয়েছিলাম একটি বিশেষ জেদ থেকে। আমাদের স্কুলে দেখতাম, বিজ্ঞান বিভাগ থেকে অনেক শিক্ষার্থী এ প্লাস পেলেও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে কেউ এ প্লাস পায় না। আমার মনে হয়েছিল, আমি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এ প্লাস পেয়ে দেখাব। মা–বাবা আমার সিদ্ধান্তে খুশি না হলেও কখনো বাধা দেননি। কিন্তু স্কুলের শিক্ষক ও আত্মীয়স্বজনের কাছ থেকে বেশ চাপের মুখে পড়তে হয়েছিল।

আমাদের স্কুলে প্রচলিত ধারণা ছিল, যারা ভালো শিক্ষার্থী, তারা বিজ্ঞান বিভাগে পড়বে; মোটামুটি ভালো শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীরা মানবিক বিভাগে যাবে। আমি যেহেতু প্রচলিত অর্থে ভালো শিক্ষার্থীদের কাতারেই ছিলাম, তাই শিক্ষকেরা আমার সিদ্ধান্তে খুশি ছিলেন না। দশম শ্রেণির প্রায় শেষ পর্যায়েও বিজ্ঞান বিভাগের শিক্ষকদের কাছে শুনতে হতো, ‘কী করলে তুমি! তুমি তো বিজ্ঞানের শিক্ষার্থী হওয়ার মতো ভালো ছিলে, ব্যবসায় শিক্ষা নিলে কেন?’ এমনকি এক আত্মীয় পরামর্শ দিয়েছিলেন, আমাকে আবার নবম শ্রেণিতে ভর্তি করিয়ে বিজ্ঞান বিভাগে দেওয়া হোক। আশপাশের মানুষের কথাবার্তা ও আচরণে এমন একটা ধারণা তৈরি হয়েছিল, যেন ব্যবসায় শিক্ষা নেওয়ার মাধ্যমে আমি নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলেছি। নিজের সিদ্ধান্তে অটল থাকার মানসিকতা আমার ছিল। তবু ওই বয়সে চারপাশের মানুষের এমন মন্তব্য যে মানসিক চাপ তৈরি করেছিল, তা অস্বীকার করার সুযোগ নেই। নিজের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করার একটি বাড়তি চাপও অনুভব করতাম।

পরবর্তী সময়ে ঢাকার একটি স্বনামধন্য কলেজে ভর্তি হয়ে আমার ধারণা বদলে যায়। সেখানে প্রথমবারের মতো দেখলাম, ব্যবসায় শিক্ষা বিভাগেও কত মেধাবী, পরিশ্রমী ও প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে! অথচ যেসব কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিনটি বিভাগই রয়েছে, সেখানেও অনেক ক্ষেত্রে স্কুলের সেই মানসিক বিভাজন বজায় থাকে। যেন বিজ্ঞান মানেই মেধাবী, আর ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগ মানেই তুলনামূলক কম মেধাবী শিক্ষার্থী। অথচ বাস্তবতা কি এত সরল?

প্রথম আলো ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় আমি হিসাববিজ্ঞানকে প্রথম পছন্দ হিসেবে রেখেছিলাম। এর একটিই কারণ ছিল, ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানকে অনেকেই কঠিন মনে করত। বিষয়টি অনেকের কাছে ভীতিকর ছিল বলেই চ্যালেঞ্জ নিতে ভালো লাগত এবং আমি এটি বেছে নিয়েছিলাম। মেধাতালিকায় ভালো অবস্থানে থাকায় প্রথম পছন্দের বিষয়টিই পেয়েছিলাম। আজ আমি আমার সেই সিদ্ধান্ত নিয়ে গর্বিত; কোনো আফসোস নেই। তবে বিশ্ববিদ্যালয়ে এসে আরেকটি বাস্তবতা উপলব্ধি করেছি। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বিষয় নির্বাচন করে, কিন্তু নির্বাচিত বিষয়ের ভবিষ্যৎ, কর্মক্ষেত্র কিংবা চাকরির বাজার সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখে না। যেমন হিসাববিজ্ঞানে পড়াশোনা করে ভবিষ্যতে কী ধরনের ক্যারিয়ার গড়া যায়, সে সম্পর্কে আমারও তেমন ধারণা ছিল না। আবার মেধাক্রম বা আসনসংখ্যার কারণে অনেকে নিজের পছন্দের বিষয়ও পায় না। ফলে অনিচ্ছা সত্ত্বেও অন্য বিষয়ে পড়াশোনা শুরু করতে হয়। কেউ কেউ পুরো বিশ্ববিদ্যালয়জীবন কাটিয়ে দেয় নিজের পছন্দের বিষয়টি না পাওয়ার আক্ষেপ নিয়ে। পরবর্তী সময়ে অনেকেই নিজের পড়া বিষয়ের বাইরে অন্য ক্ষেত্রে ক্যারিয়ার গড়ে। তখন প্রশ্ন জাগে, এত বছরের পড়াশোনা কি তার কাঙ্ক্ষিত পেশাগত জীবনের সঙ্গে আদৌ কোনো সংযোগ তৈরি করতে পেরেছে?

এবার আসা যাক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রসঙ্গে। স্কুল ও কলেজজীবনে বিজ্ঞান বিভাগে পড়ার কারণে তারা প্রায়ই মেধাবী শিক্ষার্থী হিসেবে সামাজিক স্বীকৃতি পায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে গিয়ে অনেকের সামনে ভিন্ন বাস্তবতা হাজির হয়। বিজ্ঞান বিভাগের বহু বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার দারুণ সুযোগ থাকলেও বাংলাদেশের বাস্তবতায় সব বিষয়ের জন্য পর্যাপ্ত গবেষণাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা কিংবা বিষয়সংশ্লিষ্ট কর্মসংস্থান গড়ে ওঠেনি। ফলে কিছু বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা দেশে নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ খুঁজে পেতে সমস্যায় পড়ে। কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশে যায়, কেউ দেশে থেকে ব্যাংক, বিমা, করপোরেট প্রতিষ্ঠান কিংবা সরকারি চাকরির মতো ভিন্ন ক্ষেত্রে প্রবেশ করে। যে বিষয়ে দীর্ঘদিন পড়াশোনা করল, সেই বিষয়ে কাজের সুযোগ না পেয়ে অন্য পেশায় যেতে হলে তার মধ্যে অপূর্ণতা তৈরি হওয়াও স্বাভাবিক।

আরও পড়ুন

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যাংক, বিমা, হিসাবরক্ষণ, নিরীক্ষা, কর ব্যবস্থাপনা ও করপোরেট আর্থিক ব্যবস্থাপনার মতো যেসব ক্ষেত্রে ক্যারিয়ার গড়ে ওঠার কথা, সেসব ক্ষেত্রেও অন্য বিভাগের শিক্ষার্থীরা প্রবেশ করায় প্রতিযোগিতা বাড়ছে। ফলে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মধ্যেও নিজেদের বিষয়ে পড়াশোনা করে কাঙ্ক্ষিত কর্মক্ষেত্রে প্রবেশের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আবার বিজ্ঞান বিভাগে দীর্ঘদিন পড়াশোনা করে কর্মজীবনে সম্পূর্ণ ভিন্ন বিষয়ে কাজ করতে হয় বলে কারও কারও মনে প্রশ্ন জাগে, তাহলে এত দিনের পড়াশোনা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন কোথায়?

সমস্যাটি শুধু বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা কিংবা মানবিক বিভাগের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয়ে এমন অনেক বিভাগ রয়েছে, যেগুলোর স্নাতকদের জন্য দেশে বিষয়সংশ্লিষ্ট চাকরির সুযোগ সীমিত। এসব বিভাগে শিক্ষার্থী ভর্তি হতে অনীহা দেখা যায়। কখনো কখনো এসব বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদেরও অন্য বিভাগের তুলনায় কম মর্যাদা পাওয়ার অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। অর্থাৎ বিষয় নির্বাচনের সঙ্গে শুধু শিক্ষার্থীর ভবিষ্যৎ নয়, তার আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং একটি বিভাগের সামগ্রিক মর্যাদাও জড়িয়ে আছে।

একজন শিক্ষার্থী যখন নিজের পছন্দের বিভাগ বা বিষয় নিয়ে অন্যের কাছে বারবার প্রশ্নের মুখে পড়ে, তখন তার আত্মবিশ্বাসে আঘাত লাগতে পারে। কেউ নিজের পছন্দকে ছোট করে দেখতে শুরু করে, কেউ আবার অন্যের চোখে নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে প্রকৃত আগ্রহ থেকে দূরে সরে যায়। এই পরিস্থিতির পরিবর্তন কোথা থেকে শুরু হওয়া উচিত?

প্রথমত, আমাদের সামাজিক মানসিকতার পরিবর্তন জরুরি। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—কোনো বিভাগই মেধার একমাত্র মাপকাঠি হতে পারে না। প্রতিটি বিভাগ ও বিষয়ের নিজস্ব জ্ঞান, দক্ষতা ও কর্মক্ষেত্র রয়েছে। শিক্ষার্থীদের বিভাগ বা বিষয় নির্বাচনের কারণে ভালো বা খারাপ শিক্ষার্থী হিসেবে চিহ্নিত করা উচিত নয়।

দ্বিতীয়ত, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় থেকেই কার্যকর ক্যারিয়ার নির্দেশনা চালু করা প্রয়োজন। কোন বিভাগ বা বিষয়ে পড়লে কী ধরনের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে, ভবিষ্যতে কী কী পেশায় প্রবেশ করা যায়, দেশ ও বিদেশের চাকরির বাজার কেমন—এসব বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়া যেতে পারে। শুধু সামাজিক মর্যাদা বা অন্যের পরামর্শের ভিত্তিতে নয়, নিজের আগ্রহ, দক্ষতা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করে বিভাগ ও বিষয় নির্বাচনে সহায়তা করা যেতে পারে।

তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ের জ্ঞানকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা যেতে পারে। যেসব বিষয়ে কর্মসংস্থান সীমিত, সেসব বিষয়ে গবেষণা, শিল্পায়ন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রয়োজন এবং নতুন পেশার ক্ষেত্র তৈরিতে উদ্যোগ নিতে হবে। সময়ের সঙ্গে পেশার বৈচিত্র্য বাড়ানো জরুরি। কারণ, দেশের জনসংখ্যা ও শিক্ষিত তরুণের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে কর্মক্ষেত্র ও পেশার ধরন বিস্তৃত না হলে শিক্ষিত বেকারত্বের সমস্যা থেকেই যাবে।

সবশেষে, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রতিটি পদে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য একই ধরনের প্রতিযোগিতা তৈরি না করে, কাজের প্রকৃতি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

শিক্ষার উদ্দেশ্য কোনো একটি বিভাগ বা বিষয়কে শ্রেষ্ঠ প্রমাণ করা নয়; বরং প্রত্যেক শিক্ষার্থীকে তার আগ্রহ ও অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সম্মানজনক ও উৎপাদনশীল জীবন গড়ার সুযোগ করে দেওয়া। কারণ, একজন শিক্ষার্থীর পরিচয় সে কোন বিভাগে বা বিষয়ে পড়েছে, তা নয়; বরং সে তার জ্ঞান, দক্ষতা ও মেধাকে কীভাবে কাজে লাগিয়েছে, সেটিই হওয়া উচিত তার প্রকৃত পরিচয়।

লেখক: রোকসানা পারভীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়।