রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন একজন বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কর্ণাটক হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়
ছবি: টুইটার

ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কর্ণাটক হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোস। রাজ্যপালের টুইটার পেজে এসব কথা জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের ৩১টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে নানা চাপান–উতোর চলছে। এ সময়ই এ সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

গতকাল বুধবার রাতে রাজভবনের টুইট বার্তায় জানানো হয়েছে, ‘শান্তি ও সামাজিক সংহতি কমিটি’ গঠন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই সঙ্গে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হতেও রাজি হয়েছেন বলে জানানো হয়েছে। নবনিযুক্ত কমিটি ছাত্র সমাজের মধ্যে, বিশেষ করে পরবর্তী প্রজন্ম ও রাজ্যের শিক্ষাব্যবস্থায় সহিংসতা কি বিরুপ প্রভাব ফেলছে, তা পর্যালোচনা করবেন।’

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এর আগে অন্তর্বর্তী উপাচার্য ছিলেন নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। গত ৮ জুন তাঁর মেয়াদ শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য ছিলেন না।

নবনিযুক্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক। ২০০০ সাল থেকে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। ২০১৫ সালে তিনি কর্ণাটক হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হন। ২০১৬ সালে কর্ণাটক হাইকোর্টের স্থায়ী প্রধানবিচারপতি হন তিনি। ২০১৭ সালে তিনি অবসর নেন।